Latest Posts

ডিজিটাল লিটারেসি নিয়ে কর্মশালা

- Advertisement -

ডিজিটাল লিটারেসি (ডিজিটাল সাক্ষরতা) নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার, ৭ জুলাই। কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ (CCIK)-এর উদ্যোগে BIES-এর কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রবীণসহ বিভিন্ন বয়সী কমিউনিটির ৩৩জন সদস্য অংশগ্রহণ করেন। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জনে আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আয়োজন।

- Advertisement -

কর্মশালায় প্রধান অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব টরন্টোর তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের পরিচালক সাদি খান। তথ্যপ্রযুক্তি খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি দৈনন্দিন জীবনে ডিজিটাল সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে একটি তথ্যবহুল ও বাস্তবধর্মী উপস্থাপনা প্রদান করেন। তিনি বলেন, ডিজিটাল দক্ষতা মানুষকে পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকতে, বিভিন্ন প্রয়োজনীয় অনলাইন সেবা গ্রহণ করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল বিশ্বে অংশগ্রহণ করতে সহায়তা করে।

কর্মশালার অন্যতম প্রধান বিষয় ছিল অনলাইন নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা। অংশগ্রহণকারীরা শক্তিশালী পাসওয়ার্ড তৈরির কৌশল, অনলাইন প্রতারণা ও ফিশিং প্রচেষ্টা শনাক্ত করার উপায়, ব্যক্তিগত তথ্য সুরক্ষার গুরুত্ব এবং নিরাপদভাবে সার্চ ইঞ্জিন ও ওয়েবসাইট ব্যবহারের বিষয়ে হাতে-কলমে ধারণা লাভ করেন। সাদি খান আরও ব্যাখ্যা করেন কীভাবে একটি নিরাপদ ডিজিটাল পরিচিতি (Digital Footprint) বজায় রাখতে হয় এবং সন্দেহজনক লিংক, পপ-আপ বিজ্ঞাপন ও প্রতারণামূলক অনলাইন অফার এড়িয়ে চলতে হয়।

ইন্টারঅ্যাকটিভ এ কর্মশালায় অংশগ্রহণকারীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং জিমেইল-এর মতো বহুল ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিত করা হয়। অ্যাকাউন্ট তৈরি, পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি ও ভিডিও শেয়ার, শিক্ষামূলক ভিডিও দেখা, ই-মেইল পাঠানো এবং নিরাপদভাবে অনলাইন তথ্য অনুসন্ধানের বিষয়ে ধাপে ধাপে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া কর্মশালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এর সুবিধা ও অসুবিধা, ব্যবহারে সতর্কতাসহ বিভিন্ন বিষয়নিয়্রে আলোচনা হয়।

পুরো কর্মশালাজুড়ে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে আলোচনা, প্রশ্নোত্তর এবং ব্যবহারিক অনুশীলনে অংশ নেন। কর্মশালা শেষে অনেকেই জানান, স্মার্টফোন, কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারে তাঁদের আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক বেড়েছে।

এ প্রসঙ্গে কানাডিয়ান সেন্টারের প্রেসিডেন্ট ইমাম উদ্দিন বলেন, বর্তমান সময়ে ডিজিটাল সাক্ষরতা একটি অপরিহার্য জীবনদক্ষতায় পরিণত হয়েছে। প্রবীণ ও কমিউনিটির সদস্যদের ব্যবহারিক ডিজিটাল জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার মাধ্যমে ডিজিটাল বৈষম্য কমানো, অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক যোগাযোগের সুযোগ আরও সহজলভ্য করাই এই কর্মশালার মূল লক্ষ্য।

এই কর্মশালাটি শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত এবং কমিউনিটিকে ক্ষমতায়নের লক্ষ্যে সিসিআইকের চলমান কার্যক্রমের অংশ। গর্ভমেন্ট অব কানাডা এ আয়োজনে সহায়তা করেছে। ভবিষ্যতেও ডিজিটাল বিশ্বে সফলভাবে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে এ ধরনের আরও কর্মশালার আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে কানাডিয়ান সেন্টারের।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.