
সম্প্রতি প্রকাশিত আদালতের নথিতে অন্টারিওতে পুলিশের দুর্নীতির তদন্ত এবং সাবেক কানাডিয়ান অলিম্পিয়ান রায়ান ওয়েডিংয়ের মামলার মধ্যকার সম্পর্কের ওপর আরও আলোকপাত করা হয়েছে। আন্তর্জাতিক একটি মাদক চোরাকারবারী চক্র পরিচালনার অভিযোগ রয়েছে সাবেক এই অলিম্পিয়ানের বিরুদ্ধে।
শুক্রবার প্রকাশিত নথিতে এই তথ্য উঠে এসেছে, ওয়েডিংয়ের কোকেন পাচার সমন্বয়ে সহায়তায় অভিযুক্ত গুরপ্রিত সিংয়ের বিরুদ্ধে টরন্টো কারাগারের এক কর্মকর্তাকে হত্যা পরিকল্পনার অভিযোগ তদন্ত করা হয়। পুলিশের এই তদন্ত শেষ পর্যন্ত প্রজেক্ট সাউথ পর্যন্ত গড়ায়। প্রজেক্ট সাউথ হচ্ছে ইয়র্ক রিজিয়ন পুলিশের বড় ধরনের তদন্ত, যা ঘুষ, হত্যা ষড়যন্ত্র এবং মাদক পাচারের ঘটনা সামনে আনে।
এই তদন্তে টরন্টো পুলিশের সাতজন কর্মকর্তা ও একজন সাবেক কনস্টেবলসহ মোট ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ গত ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়। এসব অভিযোগের মধ্যে রয়েছে ব্যক্তিগত তথ্যে প্রবেশ এবং একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্যদের কাছে তা ফাস করা। পরবর্তীতে ওই সদস্যরা গুলি, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রম সংঘটিত করে।
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অপেক্ষায় থাকা সিং প্রজেক্ট সাউথের অংশ হিসেবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত নন। সিংয়ের আইনজীবীর কাছে দি কানাডিয়ান প্রেসের পক্ষ থেকে এ ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হলে ব্রায়ান গ্রিন্সপ্যান লেখেন, প্রকৃত ঘটনা হচ্ছে কানাডায় কোনো ধরনের অপরাধের জন্য সিং অভিযুক্ত নন।

