
জেট ফুয়েলের উচ্চ মূল্য এবং সীমান্তের দক্ষিণে ভ্রমণ চাহিদা হ্রাস পাওয়ায় যুক্তরাষ্ট্রে আবারও ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনছে এয়ার কানাডা। দেশের বৃহত্তম উড়োজাহাজ পরিবহন সংস্থাটির ফ্লাইট সূচিতে দেখা গেছে, এই শরৎ থেকে আটটি আন্তসীমান্ত রুটে ফ্লাইট বিলম্ব করছে অথবা স্থগিত করছে।
টরন্টো ও মন্ট্রিয়ল থেকে আমেরিকার মিডওয়েস্ট সিটিগুলোতে টানা দ্বিতীয় শীতে ফ্লাইট বাতিল করা হবে। এ ছাড়া অটোয়া, মন্ট্রিয়ল ও কুইবেক সিটি থেকে ফ্লোরিডার তিনটি রুটের ফ্লাইট অক্টোবরের পরিবর্তে ডিসেম্বরে শুরু হবে। মন্ট্রিয়ল ও টরন্টো থেকে নিউ ইয়র্ক সিটির জেএফকে বিমানবন্দরে আগে যে দুটি রুটে ফ্লাইট স্থগিত করা হয়েছিল এই শীতেও তা চালু হচ্ছে না।
এ বছরের গোড়ার দিকে এয়ার কানাডা, এয়ার ট্রানসাট ও ওয়েস্টজেট সবাই তাদের গ্রীষ্মকালীন ফ্লাইট কমিয়েছে। ইরান যুদ্ধের কারণে জেট ফুয়েলের উচ্চ মূল্যে কিছু রুটে ফ্লাইট অলাভজনক হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে উড়োজাহাজ পরিবহনকারী সংস্থাগুলো।
২০২৪ সালের মে থেকে গত বছরের মে পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে আকাশপথে ২৮ শতাংশ কমে ৪ লাখ ৬২ হাজার কানাডিয়ান ফিরেছেন।
এয়ার কানাডার মুখপাত্র অ্যাঙ্গেলা মাহ এক ইমেইল বার্তায় বলেছেন, গ্রাহক চাহিদা এবং মৌসুমি ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এয়ার কানাডা নিয়মিত তাদের ফ্লাইট সূচি পর্যালোচনা করে থাকে। এয়ারলাইন্সটির ভবিষ্যতে জেএফকে বিমানবন্দরে ফেরার পরিকল্পনা রয়েছে। সে পর্যন্ত তারা নিউ ইয়র্কে তাদের উপস্থিতি জোরদারের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। টরন্টোর বিলি বিশপ এয়ারপোর্ট ও লাগার্ডিয়া এয়ারপোর্টের মধ্যে দৈনিক ফ্লাইট পাঁচটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে এয়ার কানাডার।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

