
গত ৩০ মে অন্যমেলা আয়োজিত ২০তম টরন্টো বইমেলায় আবৃত্তি সংগঠন অন্যস্বর টরন্টো তাদের ব্যতিক্রমধর্মী পরিবেশনা “যুদ্ধ নয়, হিংসা নয়, ফুল ফোটাও” উপস্থাপন করে দর্শক-শ্রোতাদের ব্যাপক প্রশংসা অর্জন করেছে। মানবতা, শান্তি, সহমর্মিতা এবং ভালোবাসার চেতনাকে কেন্দ্র করে নির্মিত এই পরিবেশনায় গান, কবিতা ও আবৃত্তির সম্মিলনে তুলে ধরা হয় যুদ্ধ ও সহিংসতামুক্ত এক সুন্দর পৃথিবীর স্বপ্ন।
অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্যে বলা হয়, বই মানুষকে আলোর পথে পরিচালিত করে, কবিতা মানুষকে মানবতার পাঠ শেখায় এবং সংস্কৃতি মানুষকে প্রকৃত মানুষ হয়ে ওঠার অনুপ্রেরণা জোগায়। সেই বিশ্বাস ও চেতনাকে ধারণ করেই পরিবেশনাটির মূল বার্তা ছিল—ঘৃণার পরিবর্তে ভালোবাসা, সংঘাতের পরিবর্তে সহমর্মিতা এবং ধ্বংসের পরিবর্তে সৃষ্টির আহ্বান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মেহজাবীন বিনতে ওসমান, সাদমান সাকিব স্বপ্নীল এবং মৌমিতা। কবিতা আবৃত্তি করেন রিফফাত নূয়েরিন ও ইলোরা সাঈদ। পরিবেশনার প্রতিটি পর্বেই শান্তি, মানবতা ও সম্প্রীতির বাণী শিল্পসম্মতভাবে দর্শকদের সামনে তুলে ধরা হয়।
বিশেষভাবে ইলোরা সাঈদের কণ্ঠে পরিবেশিত কবিতা “সেই মেয়েটা” এবং সমাপনীতে সমবেত সঙ্গীত “আজ জীবন খুঁজে পাবি আয়” দর্শক-শ্রোতাদের মাঝে গভীর আবেগ, বোধ ও মানবিক চেতনার সঞ্চার করে। পুরো পরিবেশনাজুড়ে শিল্পীদের আন্তরিকতা, কণ্ঠের শক্তি এবং বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানটি গ্রন্থনা ও সঞ্চালনা করেন ইলোরা সাঈদ। নির্দেশনায় ছিলেন আহমেদ হোসেন।
অনুষ্ঠানের শেষাংশে সমবেত কণ্ঠে উচ্চারিত হয়—
“শব্দে শব্দে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, কণ্ঠে কণ্ঠে জেগে উঠুক মানবতা— যুদ্ধ নয়, হিংসা নয়, ফুল ফুটুক পৃথিবীর প্রতিটি কোণে।”
এই পরিবেশনার মধ্য দিয়ে অন্যস্বর টরন্টো আবারও প্রমাণ করেছে যে সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি মানবতা, শান্তি ও সামাজিক সম্প্রীতির পক্ষে শক্তিশালী এক উচ্চারণ। প্রবাসের মাটিতে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চার পাশাপাশি বিশ্বমানবতার পক্ষে তাদের এই সাংস্কৃতিক অবস্থান উপস্থিত দর্শকদের হৃদয়ে গভীর অনুরণন সৃষ্টি করেছে।

