Latest Posts

টরন্টোর ২৪তম টিডি ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় সফলভাবে সম্পন্ন

- Advertisement -
টরন্টোর জেরার্ড স্ট্রিট ইস্টে গত ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত ২৪তম টিডি ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া-এ দ্বিতীয়বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে

টরন্টোর জেরার্ড স্ট্রিট ইস্টে গত ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত ২৪তম টিডি ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া-এ দ্বিতীয়বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলো ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’।

বাংলা ইভেন্টস জিটিএ-এর আয়োজনে এবং জেরার্ড ইন্ডিয়া বাজার বিজনেস ইমপ্রুভমেন্ট এরিয়া (জিআইবিবিআইএ)-এর সহযোগিতায় আয়োজিত বাংলাদেশ প্যাভিলিয়ন হাজারো দর্শনার্থীর সামনে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, সঙ্গীত, নৃত্য, খাদ্য, শিল্পকলা ও সৃজনশীলতাকে গর্বের সঙ্গে তুলে ধরে।

- Advertisement -

উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ দক্ষিণ এশীয় পথ উৎসবের অংশ হিসেবে দুই দিনব্যাপী বাংলাদেশ প্যাভিলিয়নে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় খাদ্য ও বিভিন্ন পণ্যের স্টল, দর্শকদের অংশগ্রহণমূলক নানা আয়োজন এবং পুরো পরিবারের জন্য আনন্দঘন বিনোদনের ব্যবস্থা। উৎসবে বিভিন্ন সংস্কৃতির হাজারো দর্শনার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাংলাদেশ প্যাভিলিয়নকে প্রাণবন্ত করে তোলে।

শিশু থেকে প্রবীণ—বিভিন্ন প্রজন্মের শিল্পীরা সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও বাদ্যযন্ত্র পরিবেশনার মাধ্যমে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য ও সৌন্দর্য তুলে ধরেন। পাশাপাশি প্যাভিলিয়নে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প ও খাদ্যসামগ্রী দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

বাংলা ইভেন্টস জিটিএ-এর প্রতিষ্ঠাতা লামিয়া তাসনীম ও নাফিজ ইমতিয়াজ বাংলাদেশ প্যাভিলিয়নের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরা জেরার্ড ইন্ডিয়া বাজার বিজনেস ইমপ্রুভমেন্ট এরিয়া-এর তাসনীম বান্দুকওয়ালা ও হুতাইব বান্দুকওয়ালা-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁদের সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা এবং উৎসাহ ছাড়া এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না।

তাঁরা আরও সকল শিল্পী, স্বেচ্ছাসেবক, উপস্থাপক, সাউন্ড ও কারিগরি দলের সদস্য, বিক্রেতা, আলোকচিত্রী, মুদ্রণ সহযোগী, গণমাধ্যম সহযোগী এবং অসংখ্য কমিউনিটি সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাই বাংলাদেশ প্যাভিলিয়নের সাফল্যের মূল ভিত্তি।

গ্রেটার টরন্টো এলাকার বিভিন্ন বাংলা গণমাধ্যমও ব্যাপক সংবাদ প্রচার ও প্রচারণার মাধ্যমে বাংলাদেশ প্যাভিলিয়নের সাফল্য মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এনআরবি টিভি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাপ্তাহিক বাংলা মেইল-এর সম্পাদক শাহিদুল ইসলাম মিন্টু কর্তৃক আয়োজক লামিয়া তাসনীম ও নাফিজ ইমতিয়াজ-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া। কানাডায় বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য এবং কমিউনিটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরবের সঙ্গে তুলে ধরার ক্ষেত্রে তাঁদের অসামান্য নেতৃত্ব ও সফল আয়োজনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে কমিউনিটির ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অজন্তা চৌধুরী-কেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকদের মতে, কমিউনিটির অসাধারণ অংশগ্রহণ, স্বেচ্ছাসেবী মনোভাব এবং পারস্পরিক সহযোগিতা প্রমাণ করেছে যে কানাডায় বাংলাদেশি কমিউনিটি দিন দিন আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠছে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বহুসাংস্কৃতিক কানাডায় বাংলাদেশের ইতিবাচক পরিচিতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত দুই বছরের সাফল্যের ধারাবাহিকতায় বাংলা ইভেন্টস জিটিএ আগামী বছর টিডি ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ার ২৫তম (রজতজয়ন্তী) আয়োজন উপলক্ষে আরও বৃহত্তর পরিসরে বাংলাদেশ প্যাভিলিয়ন উপস্থাপনের লক্ষ্যে জেরার্ড ইন্ডিয়া বাজার বিজনেস ইমপ্রুভমেন্ট এরিয়া (জিআইবিবিআইএ)-এর সঙ্গে আবারও একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.