
অন্টারিওর ২০২৬ সালের বাজেট নিয়ে স্কারবরো–গিল্ডউডে আয়োজিত এক কমিউনিটি টাউন হল বৈঠকে বাজেটের সীমাবদ্ধতা ও বাস্তব প্রভাব তুলে ধরেন এমপিপি আন্দ্রেয়া হ্যাজেল। তিনি বলেন, প্রাদেশিক এই বাজেটে কমিউনিটির গুরুত্বপূর্ণ চাহিদাগুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি, বিশেষ করে পরিবার ও তরুণ প্রজন্মের বিষয়গুলো উপেক্ষিত রয়ে গেছে।
গত ১০ এপ্রিল অনুষ্ঠিত এই আলোচনায় স্থানীয় বাসিন্দারা বাজেট নিয়ে তাদের অভিজ্ঞতা, উদ্বেগ ও প্রত্যাশা তুলে ধরেন। অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবা, শিক্ষা, আবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের মতামত ভাগ করে নেন। উপস্থিতদের সক্রিয় অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিভিন্ন খাতের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। স্বাস্থ্যসেবা খাতের বাস্তবতা নিয়ে কথা বলেন ডা. নাসরা ওয়ারসামে। ভাড়াটিয়াদের অধিকার ও আবাসন সংকট নিয়ে বক্তব্য দেন ওয়ালিদ খোগালি। শিক্ষা খাতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন ন্যান্সি ক্রফোর্ড ও জাকির প্যাটেল। তরুণদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন কাউমিথা সতকুনারাজান এবং শিক্ষার্থী স্যামসন পিতান।
আন্দ্রেয়া হ্যাজেল বলেন, স্কারবরোর মানুষের অভিজ্ঞতা ও বাস্তবতা প্রাদেশিক নীতিনির্ধারণে প্রতিফলিত হওয়া জরুরি। তিনি সবাইকে তাদের মতামত ও অভিজ্ঞতা জানাতে আহ্বান জানান, যাতে সেগুলো আইনসভায় তুলে ধরে প্রয়োজনীয় পরিবর্তনের দাবি জানানো যায়।
তিনি আরও বলেন, কমিউনিটির মানুষ যখন একসঙ্গে হয়ে নিজেদের কথা বলেন, তখনই পরিবর্তনের ভিত্তি তৈরি হয়। স্কারবরোর উন্নয়ন ও ভবিষ্যৎ গঠনে এই ধরনের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

