
প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছিলেন কানাডার মুসলিম সম্প্রদায়। টানা একমাস সিয়াম সাধনার পর গত ২০ মার্চ সারা কানাডাজুড়ে ঈদ উদযাপন করা হয়। গ্রেটার টরন্টোতে বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের বসবাস। এই ঈদে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে এই উৎসব পালন করেন তারা।
প্রতিবছর ড্যানফোর্থের ডেনটোনিয়া পার্কে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে সাধারণত টরন্টো সিটি মেয়র, স্থানীয় সাংসদ ও টরন্টো সিটি কাউন্সিলররা উপস্থিত থাকেন। ধারণা করা হয়, প্রায় ৪-৫ হাজার মানুষের উপস্থিতি ঘটে এই জামাতে। কিন্তু এবারের বৈরি আবহাওয়ার কারণে খোলা মাঠে কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। স্থানীয় বেশ কয়েকটি মসজিদে পরপর কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
অন্যদিকে বার্চমাউন্টের হাইমাস স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে প্রথম বারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্টজন এই জামাতে অংশ নেন। সোসাইটির সভাপতি খোকন রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাংলামেইলকে বলেন, এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি প্রতিটি ঈদে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
ঈদ মানেই আনন্দ এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। ঈদের পরের দুইদিন উইকেন্ড থাকায় ঈদ আনন্দের রেশ চলে রবিবার পর্যন্ত। ঈদ উপলক্ষে আগের দিন চাঁদরাতে ড্যানফোর্থ জমজমাট হয়ে ওঠে। মেহেদি উৎসব, গান-বাজনা আর মধ্যরাত পর্যন্ত আড্ডা যেনো ভিন্নমাত্রা যোগ করে।

