
গত কয়েক দশকে কানাডাজুড়ে আদিবাসী পর্যটন ব্যবসা বেড়েছে। কিন্তু এ বছর তহবিলে ঘাটতি পড়েছে বলে ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব কানাডা (আইটিএসি) তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে।
আইটিএসির তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ সালের যে লক্ষ্যমাত্রা তা থেকে ৩১ লাখ ডলার ঘাটতিতে রয়েছে তারা। সরকার ও ইনস্টিটিউশনগুলোর মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে আদিবাসী মালিকানাধীন ও পরিচালিত পর্যটন ব্যবসাকে সহায়তা দিতে চায় সংস্থাটি।
যেসব প্রতিষ্ঠান আদিবাসীদের গল্প, ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে এবং সারাদেশ ও বিশে^র লোকদের তাদের কমিউনিটিকে দেখার সুযোগ দিয়ে থাকে তাদেরকে এই তহবিল দেওয়া হয়। এ্টা যে কেবল স্থানীয় অর্থনীতিকে সহায়তা করে থাকে এমন নয়, একে সম্প্রীতির জন্যও গুরুত্বপূর্ণ বলে সিটিনিউজকে জানান আইটিএসির সেক্রেটারি জেসন ওব-অ্যাডিক জনসন।
এক ইমেইল বার্তায় তিনি বলেন, কানাডায় সত্যিকারের আদিবাসী পর্যটনের চাহিদা বৃদ্ধি আদিবাসী লোকদেরকে পর্যটকদের সামনে তাদের কৃষ্টি তুলে ধরার দারুণ সুযোগ এনে দিয়েছে। এর মাধ্যমে পর্যটকরা টার্টল আইল্যান্ডের ইতিহাস এবং আমাদের লোকজনের সমসাময়িক জীবন সম্পর্কে আরও বেশি করে জানতে পারছেন। ক্ষতিকর প্রথাগত ভুল ধারণাগুলো ভাঙার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে এক ধরনের বোঝাপড়া গড়ে তোলার জন্যও এটা জরুরি, যা আমাদের কমিউনিটিগুলোর ওপর ইতিবাচক প্রভাব রাখতে পারে।
আদিবাসী পর্যটন অবশ্য নতুন কিছু নয়। ১৯৮০ এর দশক থেকেই ব্যবসাটি পরিচালিত হয়ে আসছে। আদিবাসী পর্যটনকে গুরুত্ব দিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানের সংখ্যা গত দুই দশকে নাটকীয়ভাবে বেড়ে গেছে, যার ফলে আইটিএসিকে তার তহবিল বাড়াতে হচ্ছে।
এ ধরনের ব্যবসার উদাহরণ জনস্টনের নিজ কমিউনিটি কেপ ক্রোকার পার্কের মধ্যেই আছে। অন্টারিওর ওয়াটারলু থেকে আড়াই ঘণ্টার দূরত্ব এই কেপ ক্রোকার পার্ক।
২০১৯ সালে এই শিল্পে নিয়োজিত ছিল ৩৯ হাজার কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল এক হাজার ৯০০। ওই বছর কানাডার মোট দেশজ উৎপাদনে খাতটি অবদান রাখে ১৯০ কোটি ডলার, ২০১৭ সালে যার পরিমাণ ছিল ১৫০ কোটি ডলার। বাড়তি তহবিলের মাধ্যমে আইটিএসি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত কানাডাজুড়ে এ খাতে বিনিয়োগ করেছে ২ কোটি ৪৩ লাখ ডলার।

