
গত ১৪ সেপ্টেম্বরের কানাডার টরন্টো শহরে ‘বেঙ্গলি মমস’ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘দ্যি ফ্লাওয়ার ফর ফ্রেন্ডশিপঃ ইকেবানা ওয়ার্কশপ’ নামক জাপানী ফুলেল শিল্পের উপর একটি প্রশিক্ষণ কর্মশালা। যাতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন পেশাজীবী বাঙ্গালী মায়েদের একটি উল্লেখযোগ্য অংশ। মায়েদের ব্যস্ত সময়ের মধ্য থেকে একটুখানি অবসর নিয়ে নিজেদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, মানসিক চাপ কমানো এবং সেই সাথে জীবন ও বন্ধুত্বের সাথে একটি অর্থপূর্ণ সংযোগ স্থাপন করাই ছিল এই কর্মশালাটির উদ্দেশ্য।
ইকেবানা শুধুমাত্র সুন্দর করে ফুল সাজানো নয়, বরং একটি সুশৃঙ্খল শিল্প, যা প্রকৃতি এবং মানবতাকে একটি বন্ধনে আবদ্ধ করে। এ কারণেই এই শিল্পটি সারা বিশ্বে বিশেষভাবে সমাদৃত। কর্মশালাটির নেতৃত্বে ছিলেন ঝিনুক রহমান, যিনি একজন প্রশিক্ষিত ইকেবানা প্রশিক্ষক এবং অতীতে দুবাই ও টরন্টো শহরে একাধিক প্রদর্শনীতে অংশগ্রহণ এবং সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। কর্মশালাটিতে মিসেস রহমান অংশগ্রহণকারীদেরকে যেমন এই শিল্পের নীতি ও কৌশল সম্পর্কে নির্দেশনা প্রদান করেছেন, তেমনি উনার শিক্ষামূলক পূর্বঅভিজ্ঞতা প্রশিক্ষণার্থীদেরকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে।
কর্মশালাটির প্রথম অংশে অংশগ্রহণকারীরা ইকেবানার মূল বিষয়গুলি সম্পর্কে জেনেছেন। ইকেবানার সাথে জড়িত উপকরণগুলির সাথে পরিচিতি লাভ করেছেন এবং অভিজ্ঞলব্ধ জ্ঞান দ্বারা নানান ধরণের তাজা ফুল দিয়ে নিজেদের হাতে ফুল সাজিয়েছেন। পরের অংশে তারা নিজেদের ফুলেল শিল্প কর্মগুলি দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেন। যেখানে তাদের সাথে যোগ দেয় তাদের পরিবার এবং বন্ধুরা। সেখানে বাচ্চারা বাহারি রংয়ের জামাকাপড়ের সাথে পিঠে প্রজাপতির ডানা লাগিয়ে অংশগ্রহণ করে। নানান রকম মুখরোচক খাবার, সঙ্গীত, গল্প, পারস্পারিক নেটওয়ার্কিং ছাপিয়ে পুরো হলরুমটি তখন একটি আনন্দময় ফুল বাগানে পরিণত হয়ে উঠে।
‘বেঙ্গলি মমস’ প্রবাসী বাঙ্গালী মায়েদের একটি সহায়ক সংগঠন, যা ব্যস্ত মায়েদের সহায়তা, পারস্পরিক সম্পর্ক দৃঢ় করণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়করণে কাজ করে যাচ্ছে। ইকেবানা কর্মশালাটির সার্বিক তত্ত্বাবধায়ানে ছিলেন নুসরাত খান, যিনি একজন প্রাক্তন শিক্ষক এবং স্কুল প্রশাসক। বর্তমানে একজন সার্টিফাইড প্যারেন্টিং কোচ হিসাবে ইমোশনালি ইনটেলিজেন্ট, মানসিকভাবে সুস্থ এবং সক্ষম বাচ্চা গড়ে তুলতে পিতামাতাদের সাহায্য করছেন। মিসেস খান বাচ্চাদের পাশাপাশি মায়েদের মানসিক স্বাস্থ্যের প্রতিও সবসময় বিশেষ গুরুত্ব প্রদান করে থাকেন। ‘বেঙ্গলি মমস’ ভবিষ্যতে এ রকম আরও কর্মশালা এবং অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখতে চায়।

