
কানাডাজুড়ে জনপ্রিয় চেইনে বিক্রি হওয়া বহুল ব্যবহৃত একটি রান্নার সামগ্রী মাইক্রোবিয়াল সংক্রমণের কারণে প্রত্যাহার করছে ডলারামা। ডলারামার ইস্যুকৃত রসূনের পাউডার প্রত্যাহারের বিষয়টি বুধবার প্রকাশ করেছে দি কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি (সিএফআইএ)। হেভেনলি স্পাইসেস ব্র্যান্ডের মশলাটি ব্রাসিলাম সিরিয়াসের সংক্রমণের কারণে তাদের তাক থেকে সরিয়ে ফেলছে। ৭০ গ্রাম কনটেইনারের এই পণ্যটি দেশজুড়ে ও অনলাইনে বিক্রি হয়েছিল।
প্রত্যাহার নোটিশে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পণ্যটি ব্যবহার, বিক্রি, পরিবেশন অথবা বিতরণ থেকে বিরত থাকুন।
সিএফআইএ রসূনের গুড়াকে ক্লাস ২ প্রত্যাহার হিসেবে তালিকাভুক্ত করেছে। এর অর্থ হচ্ছে এর ঝুঁকি মোটামুটি। অর্থাৎ, এটা খেলে স্বল্পমেয়াদি বা জীবনের জন্য হুমকি নয় এমন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
বি.সি. সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (বিসিসিডিসি) তথ্য অনুযায়ী, ব্যাসিলাম সিরিয়াস একটি খাদ্যবাহিত প্যাথোজেন, যার কারণে বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এক বা দুই দিনের মধ্যেই সাধারণত উভয় উপসর্গই দূর হয়ে যায়। যদিও অল্প কিছু সংক্রমণ মারাত্মক হতে পারে। বেশিরভাগই কোনো ধরনের চিকিৎসা ছাড়াই সুস্থ্য হয়ে ওঠে। তবে যদি বমি হয় বা তীব্র ডায়রিয়া দেখা দেয় তাহলে তরল কিছু পান করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিসিসিডিসি বলেছে, ব্যাসিলাস সিরিয়াসের উপস্থিতি পরিবেশে ব্যাপক এবং মাটিতে স্বাভাবিকভাবেই পাওয়া যায়। ব্যাক্টেরিয়া কিছু প্রাণীকে সংক্রমণ করতে পারে এবং এর ফলে উপসর্গ দেখা দেয়, যা আক্রান্তকে দুর্বল করে ফেলে, এমনকি আক্রান্ত প্রাণীর মৃত্যুও ঘটে।

