
সম্ভাব্য ভাড়াটিয়াদের আকৃষ্ট করতে বাড়ির মালিকরা কয়েক মাস বিনামূল্যে পার্কিং সুবিধা বা ভাড়া মওকুফ, গিফট কার্ড এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা দিয়ে আসছেন। কিন্তু একটি ডেভেলপার এবার টরন্টোর ভাড়াটিয়াদের অ্যারোপ্লেন পয়েন্টের প্রস্তাব করছে।
সুবিধা দিতে কানাডার সর্ববৃহৎ পারপাস-বিল্ট ডেভেলপার ফিটজ্রোভিয়া সম্প্রতি টরন্টোভিত্তিক ফিনটেক কোম্পানি চেক্সির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে। গ্রেটার টরন্টো এরিয়ায় (জিটিএ) তাদের সব ভবনের বর্তমান ও সম্ভাব্য ভাড়াটিয়ার এই সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষরের সময়ই ভাড়াটিয়ারা বোনাস হিসেবে ৫ থেকে ৫০ হাজার পর্যন্ত অ্যারোপ্লেন পয়েন্ট পাবেন। এরপর মাসিক ভাড়া পরিশোধের সময় প্রতি ডলারে দুই অ্যারোপ্লেন পয়েন্ট পাবেন তারা।
চেক্সির প্ল্যাটফরম ব্যবহার করে ডেবিট কার্ডের মাধ্যমে বাসিন্দারা তাদের মাসিক ভাড়া পরিশোধ করতে পারবেন। পূর্ব-অনুমোদিত লেনদেনের এক্ষেত্রে কোনো ফি প্রযোজ্য হবে না। তবে ক্রেডিট কার্ডে ভাড়া পরিশোধ করতে চাইলে প্রথম তিন মাস কোনো ফি নেওয়া হবে না। এরপর থেকে ১ দশমিক ৭৫ শতাংশ মাশুল কার্যকর হবে।
ফিটজ্রোভিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদ্রিয়ান রোকা এক সাক্ষাৎকারে বলেন, আবাসনে সর্বত্রই যখন প্রণোদনা ও ছাড় দেওয়া হচ্ছে আমরা তখন ভিন্ন কিছু করছি এবং অবশ্যই সেটা লয়ালটি। লয়ালটিকে আমরা মার্কেটিং পার্ক হিসেবে দেখি না, আমরা এটাকে দেখি ভাড়াটিয়াদের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি সম্পর্কে বিনিয়োগ হিসেবে।
চেক্সির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিজা আখলেভজিয়ানি বলেন, কারো কাছ থেকেই এই পয়েন্ট ফেরত নেওয়া হবে না। আপনি পয়েন্ট অর্জন এবং তা ব্যবহার করতে পারবেন। এটা কখনো নষ্ট হবে না।
আরবানেশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেটার টরন্টো অ্যান্ড হ্যামিল্টন এরিয়ার প্রায় এক-তৃতীয়াংশ পারপাস-বিল্ট রেন্টাল ভবনে দুই বা তার বেশি মাস ভাড়া মওকুফ করা হয়। ২০২৪ সালের তুলনায় এ হার ১১ শতাংশ বেশি। ৩১ শতাংশ ভবন দেড় বছর ভাড়া মওকুফ সুবিধা দিয়ে থাকে। এর সঙ্গে রয়েছে পার্কিং ফি কমানোর মতো অন্যান্য সুবিধাও।

