
গত জানুয়ারিতে সরকারের আইজেভ কর্মসূচি হঠাৎ বন্ধ করে দেওয়ার ফলে কানাডাব্যাপী যেসব কার ডিলার অর্থ পায়নি তাদের নতুন করে রিবেটের অর্থ পরিশোধের পরিকল্পনা করছে অটোয়া। কর্মসূচিটি যখন বন্ধ করে দেওয়া হয় তখন একটিমাত্র সপ্তাহে টেসলার কাছ থেকে বিপুল পরিমাণ রিবেট দাবি করা হয়।
কানাডাজুড়ে কার ডিলারশিপগুলো ট্রান্সপোর্ট কানাডার কাছ থেকে ১০ জুন ইমেইল পায়। তাতে বলা হয়, ব্যাপক চাহিদার কারণে কয়েক সপ্তাহের জন্য আইজেভ কর্মসূচি স্থগিত থাকবে। ওই সপ্তাহে কানাডাজুড়ে টেসলার কিছু বিক্রয়কেন্দ্র ৮ হাজার ৬০০টি গাড়ি বিক্রি করে, যাতে রিবেটের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ডলার। ১৩ জানুয়ারি ফেডারেল সরকার আইজেভ প্রোগ্রামের পোর্টাল বন্ধ করে দেয়। কানাডাজুড়ে ডিলাররা গ্রাহকদের দেওয়া রিবেট প্রক্রিয়াকরণ করার আগেই এই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়।
কানাডিয়ান অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র হু উইলয়ামস বলেন, কর্মসূচিটির পরিকল্পনা এমনভাবে করা হয়েছে, যাতে কানাডা সরকারের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ডিলাররা গ্রাহককে রিবেটের অর্থ পরিশোধ করে দেবেন। সরকারের পক্ষ থেকে পরে ডিলারদের রিবেটের অর্থ পরিশোধ করা হবে।
এক কোটি ১০ লাখ ডলার তাদের নিজেদের পকেট থেকে বেরিয়ে গেছে। পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুক কুইবেকের একজন ডিলার বলেন, রিবেট বাবদ সরকারের কাছে তার পাওনা ৪ লাখ ডলার।
ট্রান্সপোর্ট কানাডার এখন টেসলাসহ সব কার ডিলারকে রিবেটের বৈধ দাবি দাখিলের সুযোগ দিচ্ছে। এইসব রিবেট জানুয়ারিতে কর্মসূচিটি অকস্মাৎ বন্ধ হয়ে যাওয়ার আগে গ্রাহকদের পরিশোধ করা হয়েছিল।
এদিকে অটোমোটিভ পার্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এখন অটোয়ার প্রতি কেবল বৈদ্যুতিক কারে প্রণোদনা নয়, বরং কানাডায় উৎপাদিত সব নতুন গাড়ির ওপর থেকে জিএসটি বাতিলের আহ্বান জানাচ্ছে। অতি সম্প্রতি অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনের প্রচারণায় কনজার্ভেটিভ পার্টির পক্ষ থেকেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

