
ভোরের দিকে সন্দেহজনক আগুনে নগরীর একটি মলের একাধিক স্টোরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হ্যামিল্টনের ফায়ার চিফ। ডেভিড কানলিফ এক বিবৃতিতে বলেছেন, ইস্টার সানডে রাত ৩টার আগে আগে আপার অটোয়া স্ট্রিটে একটি মলে আগুনের খবর পেয়ে ক্রুরা সেখানে যান। আগুনের সূত্রপাত ঘটে মলের ভেতরে একটি হেয়ার অ্যান্ড নেইল সেলুন থেকে। কিন্তু দ্রুত আগুন পাশর্^বর্তী ইউনিটগুলোতে ছড়িয়ে পড়ে এবং একাধিক ফায়ার অ্যালার্ম বেজে ওঠে।
কানলিফ বলেন, এরপর আগুন নিভিয়ে ফেলা হয় এবং হেয়ার অ্যান্ড নেইল সেলুনটি পুরোপুরি ভস্মিভূত হয়েছে আগুনে। আরও তিনটি ইউনিটেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনের এই ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক যে হিসাব তাতে ক্ষয়ক্ষতির ১০ লাখ ডলারের বেশি। হ্যামিল্টন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং অন্টারিও ফায়ার মার্শালের কার্যালয়কে আগুনের বিষয়টি অবহিত করা হয়েছে।

