
সহিংস অপরাধের কারণে বাহামা ভ্রমণকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের ব্যাপারে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সপ্তাহে প্রকাশিত হালনাগাদ ট্রাভেল অ্যাডভাইজরিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অধিকাংশ অপরাধ সংঘটিত হয়েছে নাসাউ ও ফ্রিপোর্টে। এগুলো জনপ্রিয় ক্রুজ গন্তব্য এবং দ্বীপ রাষ্ট্রটির দুটি বৃহৎ সিটি।
ট্রাভেল অ্যাডভাইজরিতে বলা হয়েছে, সশস্ত্র ডাকাতি, ডাকাতি ও যৌন নির্যাতনের মতো সহিংস অপরাধ বাহামার যেকোনো স্থানে ঘটতে পারে। ভ্যাকেশন রেন্টাল প্রোপার্টি, বিশেষ করে যেখানে ব্যক্তিগত নিরাপত্তা অনুপস্থিত সেখানে সতর্ক থাকুন।
যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজরিতে আমেরিকান ভ্রমণকারীদের অস্ত্র ও গোলাবারুদ বাড়িতে রেখে যাওয়ার জন্য বলা হয়েছে।
কানাডা যুক্তরাষ্ট্রের পথে হাঁটবে কিনা সে ব্যাপারে জানতে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সঙ্গে যোগাযোগ করেছিল সিটিভিনিউজডটসিএ। কিন্তু তাৎক্ষণিকভাবে তারা সাড়া দেয়নি।
বাহামার জন্য কানাডা তাদের ট্রাভেল অ্যাডভাইজরি সর্বশেষ হালনাগাদ করেছিল ৬ মার্চ। তাতে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের ব্যাপারে তথ্য অন্তর্ভুক্ত করা হয়। কানাডিয়ান ট্রাভেল অ্যাডভাইজরিতে ব্যাখ্যা দিয়ে বলা হয়, দেশটিতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এর ফলে জ¦র এবং গিটে ব্যাথা হতে পারে। কিছু ক্ষেত্রে এই ব্যাথা তীব্র হতে পারে এবং কয়েক মাস অথবা কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।
কানাডায় চিকুনগুনিয়ার ভ্যাকসিন সহজলভ্য। সার্বিকভাবে কানাডিয়ান কর্মকর্তারা বাহামা ভ্রমণকারীদের উচ্চ সতর্কতা অনুশীলনের আহ্বান জানিয়েছেন। এই আহ্বান তারা জানিয়েছেন ছোটখাটো ও সহিংস অপরাধ এবং নৌযান দুর্ঘটনার কারণে।

