
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ডেটিংয়ে ক্ষতিগ্রস্ত করছে বলে জানিয়েছেন ৫৬ শতাংশ কানাডিয়ান। অনেকেই ডেটিংয়ে কম যাচ্ছেন অথবা গেলেও সেগুলোর খরচ যাতে কম হয় সেদিকে খেয়াল রাখছেন। বিএমওর নতুন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।
সমীক্ষার তথ্য অনুযায়ী, প্রতি ডেটিংয়ে কানাডিয়ানরা ব্যয় করেন গড়ে ১৭৩ ডলার। এর মধ্যে রয়েছে পরিবহন খরচ, গ্রুমিং ও কাপড়-চোপড়ের মতো প্রস্তুতির খরচ এবং খাবার, পানীয় ও টিকিটের মতো অন্যান্য ব্যয়।
যদিও সমীক্ষা বলছে, আনুষ্ঠানিক সম্পর্কে যাওয়ার আগে কানাডিয়ানরা ১০-২১টি ডেটিংয়ে খরচ করেন ৩ হাজার ৬২১ ডলার পর্যন্ত। আর্থিক কারণে ৪২ শতাংশ সিঙ্গেল কানাডিয়ান ডেটিংয়ের পরিকল্পনায় সামঞ্জস্য আনার কথা স্বীকার করেছেন। আর অর্থ সাশ্রয়ের জন্য ডেটিং বাতিল করেছেন ৩০ শতাংশ কানাডিয়ান।
সমীক্ষার তথ্য অনুযায়ী, সর্বশেষ ১২ মাসে সিঙ্গে কানাডিয়ানরা গড়ে তিনটি ডেট করেছেন। গত এক বছরে কোনো ডেটই করেননি বলে জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ৫৫ শতাংশ কানাডিয়ান।
বিএমওর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ স্যাল গুয়াতিয়েরি এক বিবৃতিতে বলেছেন, কানাডায় মূল্যস্ফীতি স্বাভাবিক হয়ে এলেও ভোক্তা মূল্য এখনো কয়েক বছর আগের গড়ের চেয়ে ১৭ শতাংশ বেশি। খাবার এখন ২২ শতাংশ বেশি দামি। মজুরি বৃদ্ধি এবং ঋণের সুদ কমে আসলেও বহু কানাডিয়ান এখনো জীবনযাত্রার ব্যয় নিয়ে হিমশিম খাচ্ছেন। এর ফলে ডেটিংয়ের মতো খরচ কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন তারা।
সমীক্ষায় অংশ নেওয়া ৪৮ শতাংশ সিঙ্গেল পুরুষ স্বীকার করেছেন যে, তাদের মোট সম্পদ ডেটিং সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করছে। এর হার নারীদের চেয়ে ১২ শতাংশ বেশি।
সমীক্ষায় অংশ নেওয়া ৩৩ শতাংশ দম্পতি বলেছেন, খরচ প্রায় সময়ই সম্পর্কের টানাপোড়েনের উৎস হয়ে থাকে। ১১ শতাংশ কানাডিয়ান স্বীকার করেছেন যে, পার্টনার বা স্বামী-স্ত্রীর কাছে তাদের আর্থিক অবস্থার বিষয়ে সত্য লুকান।
২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ১৮ বছরের বেশি বয়সী আড়াই হাজার কানাডিয়ানের ওপর সমীক্ষাটি চালানো হয়।

