
ভ্যানকুভারভিত্তিক বুককিপিং সেবাদাতা প্রতিষ্ঠান বেঞ্চ অ্যাকাউন্ট হঠাৎ করে বন্ধের ঘোষণা দিয়েছে। এর ফলে শত শত কর্মী কর্মহীন হয়ে পড়বে। সেই সঙ্গে গ্রাহকদের বছর শেষ হওয়ার অল্প কিছুদিন আগে বিকল্প খুঁজতে বাধ্য হতে হবে।
ছোট ব্যবসার জন্য উত্তর আমেরিকার সর্ববৃহৎ বুককিপিং সেবা হিসেবে দাবি করে কোম্পানিটি তাদর ওয়েবসাইটে সেবা বন্ধের একটি নোটিশ পোস্ট করেছে। তাতে বলা হয়েছে, শুক্রবার থেকে সেবাটি আর পাওয়া যাবে না। আমরা জানি যে, সংবাদটি আকস্মিক এবং এর ফলে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই বেঞ্চ গ্রাহকদের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে সহায়তা করতে অঙ্গীকারাবদ্ধ।
এর আগে বেঞ্চ বলেছিল, তাদের রয়েছে ৬০০ এর বেশি কর্মী। যুক্তরাষ্ট্রভিত্তিক তাদের গ্রাহক সংখ্যা ১২ হাজারের বেশি এবং বিনিয়োগকারীদের কাছ থেকে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার তহবিল পেয়েছে।
কোম্পানিটি বলেছে, তার ভ্যানকুভারে স্থানান্তরিত হয় এবং ২০১৩ সালে নাম পরিবর্তন করে। ২০১২ সালে যুক্তরাষ্ট্রে ১০শিট ইনকর্পোরেশন নামে যাত্রা করে কোম্পানিটি।
এ ব্যাপারে জানতে বেঞ্চের ভ্যানকুভার অফিসে ভয়েস মেইল পাঠানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
ব্রিটিশ কলাম্বিয়ার কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং উদ্ভাবন বিষয়ক মন্ত্রী ডায়ানা গিবসন শুক্রবার এক বিবৃতিতে বলেন, যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা থাকছে। বিশেষ করে এই ছুটির মৌসুমে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার খবর শোনা সবসময়ই হতাশার। এটা একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় কেন তা বন্ধ হলো সে ব্যাপারে কোনো তথ্য আমি পাইনি।
তিনি বলেন, ব্রিটিশ কলাম্বিয়ার আছে শক্তিশালী একটি আর্থিক প্রযুক্তি খাত এবং সরকার এই ব্যবসাকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।

