
টরন্টো পুলিশ ও সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে এক কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ চেয়ে মামলা করছেন সিন্ডি আলি নামে টরন্টোর এক মা। ২০১১ সালে তার ১৬ বছরের মেয়ে সাইনারার মৃত্যুর কারণে চার বছরের বেশি কারাভোগের পর খালাস পেয়েছেন তিনি।
গত আগস্টে অন্টারিও সুপিরিয়র কোর্টে দাখিল করা এক নথিতে সিন্ডি আলি ও তার স্বামী অ্যালান অভিযোগ করেছেন, সাইনারার মৃত্যুর তদন্তে অবহেলা করা হয়েছিল, যার ফলে ২০১৬ সালে ভুলক্রমে আলির কারাদ- হয়। কাজটি হয়েছে ২০১১ সালে তার কন্যা সাইনারার মর্মান্তিক মৃত্যুতে সিন্ডিকে ফার্স্ট ডিগ্রি মার্ডারে দোষী সাব্যস্ত করার পূর্ব সিদ্ধান্ত থেকে। মামলায় এমনটাই উল্লেখ করা হয়েছে।
টরন্টো পুলিশ সার্র্ভিসেস বোর্ড এবং সিটি অব টরন্টোর পাশাপাশি মামলার প্রধান তদন্তকারী ফ্রাঙ্ক স্কুবিক এবং সংম্লিষ্ট ফায়াফাইটারও বিবাদী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তবে বিবাদীদের পক্ষ থেকে কোনো বিবৃতি দাখিল করা হয়নি এবং অভিযোগও এখন পর্যন্ত আদালতে প্রমাণিত হয়নি।
বিচারাধীন বিষয় হওয়ায় টরন্টো পুলিশ সার্ভিসেস বোর্ড এবং সিটি অব টরন্টো কেউই এ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। তবে বিবাদীদের প্রতিনিধিত্বকারী কেভিন ম্যাকগিভেনি এক বিবৃতিতে বলেছেন, অবশ্যই অভিযোগগুলো মোকাবিলা করা হবে।
আলি বলেন, ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে তিনি ৯১১ এ ফোন করেছিলেন। একটি প্যাকেজের জন্য দুজন লোক যে তার স্কারবোরোর টাউনহাউসে ঢুকেছেন সে ব্যাপারেও তিনি জানিয়েছিলেন। ওই সময় তিনি ও সাইনারাই কেবল বাড়িতে ছিলেন।
পুলিশকে তিনি বলেছিলেন, একজন তাকে প্যাকেজটির খোঁজে তাকে নিয়ে যায় এবং যখন তারা লিভিং রুমে ফিরে আসেন তখন সাইনারা কাউচে নিস্তেজ অবস্থায় পড়ে ছিল। পাশেই আরেকজন বালিশ হাতে দাঁড়িয়ে ছিলে। তারা ভুল ঠিকানায় এসেছেন উল্লেখ করে ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যান এবং তাদেরকে আর দেখা যায়নি।
এর কিছুক্ষণ পরই ফার্স্ট রেসপন্ডাররা সেখানে পৌঁছান এবং তাকে হাসপাতালে নিয়ে যান। পরের দিকে সেখানেই তার মৃত্যু হয়।
সিন্ডি আলি তার মামলায় টরন্টো পুলিশ সার্ভিসেস বোর্ড এবং ফ্রাঙ্ক স্কুবিকের কাছে ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। সিটি অব টরন্টো ও বুজোকাসের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন ২০ লাখ ডলার। ৫ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছেন সব বিবাদীর কাছ থেকে।

