
প্রস্টিটিউশনকে অপরাধ ঘোষণা করে তৈরি আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল কানাডিয়ান অ্যালায়েন্স ফর সেক্স ওয়ার্ক ল রিফর্ম। এখন তারা বিষয়টিকে অন্টারিও কোর্ট অব আপিলে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এই কাজকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার পক্ষে থাকা কিছু গ্রুপও যৌন ব্যবসায় জড়িত ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অধিকতর সুরক্ষা দিতে অটোয়ার প্রতি দাবি জানিয়েছে।
কানাডাজুড়ে ছড়িয়ে থাকা ২৫টি সংগঠনের জোট হচ্ছে এই অ্যালায়েন্স। এর জাতীয় সমন্বয়কারী জেন ক্ল্যামেন বলেন, অপরাধীকরণ আমাদের কাছ থেকে সুযোগগুলো কেড়ে নিচ্ছে। যৌনকর্মীরা যেটা বলছেন তা হলো, হ্যা, আমাদের আরও সুযোগ প্রয়োজন। আমরা কম সুযোগ চাই না।
অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিস রবার্ট গোলস্টেইন গত মাসে প্রস্টিটিউশন সংক্রান্ত ফৌজদারি অপরাধ বহাল রাখেন। সাবেক কনজার্ভেটিভ প্রধানমন্ত্রী স্টিফেন হারপার ২০১৪ সালে এটি চালু করেন।
ক্ল্যামেনের গ্রুপের যুক্তি, যে আইনে যৌন সেবার বিনিময়ে অর্থ নেওয়ায় বাধা দেয় তা যৌনকর্মীদের অধিকারের লঙ্ঘন।
জোটের অন্যতম গ্রুপ ভ্যানকুভার রেপ রিলিফ অ্যান্ড উইমেন’স শেল্টারের হিলা কার্নার বলেন, নারীদের যদি বিকল্প ও আর্থিক স্থিতিশীলতার সুযোগ দেয় তাহলে তাদের এই শিল্পে কাজের প্রয়োজন হতো না।

