
প্রধানমন্ত্রী মার্ক কার্নির প্রতি ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দুটি ফার্স্ট নেশনের প্রধানরা। নিজ কমিউনিটিতে পারদ বিষক্রিয়ার কারণে বিক্ষোভ করা একজন ফার্স্ট নেশন নারীর উদ্দেশে প্রধানমন্ত্রী তার বিক্ষোভ স্তিমিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন বলে মন্তব্য করার পর এই আহ্বান জানাচ্ছেন ওই দুই ফার্স্ট নেশনের প্রধানরা।
পারদের বিষক্রিয়ায় ভুগতে থাকা গ্রাসি ন্যারোজের এক নারী ক্রিসি আইজ্যাকস পারদ দূষণের কারণ প্রাদেশিক সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে সোমবার টরন্টোতে অবস্থান করেন।
১৯৬০ ও ১৯৭০ এর দশক থেকে ড্রাইডেন পেপার মিল হাজারো কিলোগ্রাম পারদ কমিউনিটির নদী ব্যবস্থায় ফেলে আসছে। এটাকে দেশের অন্যতম ভয়াবহ পরিবেশ বিপর্যয় হিসেবে বিবেচনা করা হয় এবং কমিউনিটির সদস্যদের এখনো এটি মোকাবিলা করতে হচ্ছে।
আবাসনের জন্য নতুন তহবিল ঘোষণার জন্য সোমবার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড যে সংবাদ সম্মেলন করেন আইজ্যাকস ও কমিউনিটির সদস্যদের একটি গ্রুপ এবং অন্য সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে
তাকে ও অন্য বিক্ষোভকারীদেরকে পারদ দূষণ নিয়ে শ্লোগান দিতে শোনা যায়।
জবাবে প্রধানমন্ত্রী কার্নি হাসতে হাসতে বলেন, আমি তার শ্লোগান স্তিমিত হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারি। প্রিমিয়ার ফোর্ড ও টরন্টোর মেয়র অলিভিয়া চাউ এ সময় তার পাশে ছিলেন।
কার্নির তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন গ্রাসি ন্যারোজ ফার্স্ট নেশনের প্রধান শেরি অ্যাকাবি। তিনি বলেন, আপনার লজ্জা পাওয়া উচিত, প্রধানমন্ত্রী। আপনি আমার লোকদের উপহাস করছেন এবং তার পেছনের সবাই হাসছে। আপনার লজ্জা পাওয়া উচিত।
ওয়াবাসিমুঙ্গ ইন্ডিপেন্ডেন্ট নেশনের প্রধান রোল্যান্ড ফিশার বলেন, তার কমিউনিটির উদ্বেগুলো উপেক্ষা করা সরকারগুলোর উচিত নয়। প্রধানমন্ত্রী কার্নির প্রতি তাদের সঙ্গে সাক্ষাতের আহ্বান জানান তিনি।

