
ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজে গুলি করে আটজনকে হত্যার পর আত্মহত্যাকারী কিশোরীকে মানসিক স্বাস্থ্য আইনের আওতায় আগেও গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সম্মেলনে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) একাধিক সূত্র বলেন, ১৮ বছর বয়সী জেসি ভ্যান রুটসেলার যে বাড়িতে বসবাস করত পুলিশ আগে সেটা পরিদর্শন করেছে। একাধিক ঘটনায় তাকে মানসিক স্বাস্থ্য আইনে গ্রেপ্তার করা হয়েছিল। কী বলছে মানসিক স্বাস্থ্য আইন?
প্রত্যেক প্রদেশেরই নিজস্ব মানসিক স্বাস্থ্য আইন রয়েছে। মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা একজন ব্যক্তির চিকিৎসা এবং নিজের ও অন্যদের সুরক্ষার প্রয়োজন হলে কী করা উচিৎ আইনে তার রূপরেখা উল্লেখ করা আছে।
মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন এমন একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মারোলিন স্যামন বলেন, আইনে পুলিশকে সংশ্লিষ্ট ব্যক্তিকে হেফাজতে নিয়ে মূল্যায়নের জন্য কোনো হাসপাতালে বা মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পাঠানোর এখতিয়ার দেওয়া আছে। চিকিৎসক মনে করলে এরপর তাদের অমতে সেখানে ভর্তি করা যেতে পারে, যার অর্থ হচ্ছে, রোগীরা তাদের নিজের ইচ্ছায় হাসপাতাল ছাড়তে পারবেন না।
ইচ্ছার বিরুদ্ধে ভর্তির ক্ষেত্রে কিছু মানদ- রয়েছে। সেগুলো হলোÑমানসিক অসুস্থতা যদি এই পর্যায়ে হয় যে, তার কাজ করার সামর্থ্যকে মারাত্মকভাবে ব্যহত করে, যদি ক্ষতির কোনো ঝুঁকি থাকে, যদি তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন হয় এবং তারা যদি চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান।
একজন চিকিৎসক বা নার্সকে অবশ্যই সেই সনদ দিতে হবে, যা তাদেরকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আটক রাখার সবুজ সংকেত দেবে। রোগীকে মূল্যায়ন করা হবে তাদেরকে ছেড়ে দেওয়া নিরাপদ কীনা।
ভ্যান রুটসেলারকে প্রদেশের মানসিক স্বাস্থ্য আইনে আগেই কয়েকবার আটক করা হয়েছিল তার মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য। কিছু ক্ষেত্রে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। পুলিশ তার বাড়ি থেকে অস্ত্রও জব্দ করেছিল এবং পরবর্তীতে তা ফেরত দেওয়া হয়। ভ্যান রুটসেলার চার বছর আগে স্কুল থেকে ঝরে পড়েন।

