
কুইবেকভিত্তিক একটি গ্রোসারি পণ্য সরবরাহকারী ও মিল-কিট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি (সিএফআইএ)। সিএফআইএ তাদের ওয়েবসাইটে দেওয়া এক নোটিশে বলেছে, গুডফুডের সেফ ফুড ফর কানাডিয়ানের (এসএফসি) লাইসেন্স ২০২৫ সালের ৩০ ডিসেম্বর স্থগিত করা হয়েছে।
সিএফআইএর তথ্য অনুযায়ী, মন্ট্রিয়লভিত্তিক কোম্পানিটি প্রদত্ত লাইসেন্স অনুযায়ী কোনো কর্মকা- চালাতে পারবে না। কোনো কোম্পানি যখন সেফ ফুড ফর কানাডিয়ান্স অ্যাক্ট (এসএফসিএ) এবং এর নীতিমালা অথবা ফুড অ্যান্ড ড্রাগস অ্যাক্ট (এফডিএ) ও এর নীতিমালা পরিপালনে ব্যর্থ হয় তখন তার লাইসেন্স স্থগিত করা হয়।
এসএফসির লাইসেন্স ছিল আমদানি, রপ্তানি অথবা প্রাদেশিক ও আঞ্চলিক সীমান্তে খাবার পাঠানোর। তবে লাইসেন্স স্থগিতের কারণে কোনো পণ্য প্রত্যাহারের ঘটনা ঘটেনি।
সিটিভি নিউজকে পাঠানো এক ইমেইল বিবৃতিতে গুডফুডের মুখপাত্র বলেছেন, কোম্পানি এই সিদ্ধান্তে হতাশ। তারা
জোর দিয়ে বলেছে যে, তাদের প্রতিষ্ঠানে খাদ্য নিরাপদতার কোনো সমস্যা নেই।
বিবৃতিতে বলা হয়েছে, লাইসেন্স স্ঘতিক করা হয়েছে মূলত প্রক্রিয়াগত দিক বিবেচনায়। উদাহরণ হিসেবে অভিযোগ পর্যালোচনা না করার কথা বলা যায়। এই সিদ্ধান্তের ফলে আমাদের গ্রাহকরা সেভাবে ক্ষতিগ্রস্ত হবে না। কারণ, কিছু ব্যতিক্রম ছাড়া দেশজুড়ে পণ্য সরবরাহ এখনো অব্যাহত রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নিয়ম পরিপালন না করার ভিত্তিতে টরন্টোর ন্যাশনাল ডিরেক্টরের কার্যালয় থেকে লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তে এসেছে। এর ধরন মূলত প্রক্রিয়াগত।
গুডফুডের ক্যালগেরির ফ্যাসিলিটি চালু আছে এবং পণ্য সরবরাহ অব্যাহত রাখবে তারা। কোম্পানিটি বলেছে, শিগগিরই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে বলে আশাবাদী তারা।

