Latest Posts

বাংলা গান ও কবিতা সন্ধ্যার যুগলবন্দী

- Advertisement -

বাংলাদেশের বাহিরে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি চর্চার অনন্য শহর টরন্টো। এখানে যেমন রয়েছেন প্রখ্যাত এবং গুনী শিল্পীগন যারা প্রবাসে বহু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েও শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি চর্চা অব্যাহত রেখেছেন তেমনি রয়েছেন আরও বেশি সংস্কৃতিপ্রেমি দর্শক-শ্রোতা এবং অসংখ্য বোদ্ধা যারা শিল্প এবং শিল্পীদের কাজের মান সম্পর্কে অসম্ভব সচেতন। একারনেই টরন্টো শহরের প্রায় প্রতিটি পরিবেশনাই আন্তর্জাতিক মান সম্পন্ন হয়ে থাকে। আর এই পরম্পরায় অগাধ বিশ্বাস এবং বাংলা সংস্কৃতির বৈশ্বিক প্রচার, প্রসার এবং চর্চার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন “ইউনিটি থ্রু আর্ট” (Unity Through Art) অর্থাৎ “শিল্পের মাধ্যমে ঐক্য” নামক প্রতিষ্ঠান। শিল্পীর কোনও জাত ধর্ম হয় না – এই বাক্যে বিশ্বাস করে, এই সংগঠনটি নতুন শিল্পীদের অনুপ্রাণিত করার জন্য এবং সকল পটভূমির শিল্পীদের মূল্যায়ন নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।

- Advertisement -

ইউনিটি থ্রু আর্টের পথচলার একটি অসাধারণ সংযোজন হতে যাচ্ছে ” বাংলা গান ও কবিতা সন্ধ্যার যুগলবন্দী “।আসছে সেপ্টেম্বরের ৬ তারিখ শনিবার ঠিক সন্ধ্যা ৭.০০ টায় শুরু হবে অনুষ্ঠানটি, আসন গ্রহন ৬:৩০ মিনিট। টরন্টো শহরের “হোপ ইউনাইটেড চার্চে” (2550 Danforth Avenue) পরিবেশিত হবে স্বনামধন্য দুই শিল্পীর পরিবেশনা।

অনুষ্ঠানটির প্রধান আকর্ষণ তাদের নিজস্ব শিল্পী বহু গুনের অধিকারী ড. জান্নাতুল ফেরদৌস।

সাহিত্যের প্রতি আগ্রহ তাঁর সেই ছোট বেলা থেকেই। বাবার হাত ধরে শুরু হয় পথচলা। বাবা ছিলেন প্রচন্ড সাহিত্য প্রেমি। মেঘনাদ বধ কাব্য থেকে অনর্গল মুখস্ত পড়ে শোনাতেন। বাবার আগ্রহে পরবর্তীতে বাংলা সাহিত্যে পড়াশোনা করেন। ইডেন থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। তিনি এম ফিল করেন জসিম উদ্দীনের উপর এবং পি এইচ ডি করেন বাংলা কবিতা নিয়ে। এম ফিল ও পি এইচ ডি সফল ভাবে গবেষণা শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। তাঁর এম ফিল গবেষণটি ২০২৩ এ “নবরাগ ” প্রকাশ থেকে গ্রন্থআকারে প্রকাশিত হয়। তাঁর পি এইচ ডি প্রাপ্তি হয় ২০২২ এ এবং তার পরের বছরেই অর্থাৎ ২০২৩ এ বাংলা একাডেমি, ঢাকা গ্রন্থআকারে গবেষনাটি প্রকাশ করেন । তাঁর এম ফিল ও পি এইচ ডি গবেষণা দুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক লাইব্রেরির রেয়ার সেকশনে রেফারেন্স কপি হিসেবে সংরক্ষিত আছে।

তিনি University of Calgary ‘ কানাডা থেকে ইংরেজি সাহিত্যের উপর দুটি বিষয় সম্পন্ন করেন, Approach to Literature ও Poetry Reading and Analysis পড়াশোনার পাশাপাশি তিনি কবিতা লিখার চর্চায় মনোনিবেশ করেন।সৃজনশীল ও মননশীল সাহিত্য চর্চায় তিনি ব্রত। ২০১৫ সালে সংবাদ পত্রিকায় সাহিত্য পাতায় প্রকাশিত হয় তাঁর কলাম। বর্তমানে, কলাম,ছোটগল্প ও কবিতা চর্চা চালিয়ে যাচ্ছেন।

তাঁর কবিতা দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। পাশাপাশি তিনি ছায়ানটের রবীন্দ্র সঙ্গীত বিভাগ থেকে ৬ বছরের গ্রাজুয়েশন কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ” তাপস ডান্স গ্রুপ ” ও আবৃত্তি সংগঠন “অন্যস্বর টরোন্টোর” সাথে যুক্ত আছেন। কবিতার প্রতি অগাধ ভালবাসার দরুন তিনি আবৃত্তির তালিম নিচ্ছেন স্বনামধন্য আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামের কাছে। চার বছরের বেশি সময় ধরে তিনি আবৃত্তি গুরু মাহিদুল ইসলামের কাছে কবিতা চর্চা করে চলেছেন।
ড. জান্নাতুল ফেরদৌস ” বাংলা গান ও কবিতা সন্ধ্যার যুগলবন্দী ” এই সন্ধ্যায় আসবেন তাঁর আবৃত্তির ঝাঁপি নিয়ে। অতিথি শিল্পীর সঙ্গে মিলেমিশে যুগলবন্দী করবেন একসাথে।

অত্যন্ত নিখুঁতভাবে সাজানো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কানাডার সুদূর সাস্কাচুয়ান থেকে আগত স্বনামধন্য অতিথি শিল্পী পিনু সাত্তার। ছোটবেলা থেকে গ্রামের বাউল- বোস্টমদের গান শুনে বেড়ে ওঠা পিনু’র জন্ম লালন শাহ এর দেশ কুষ্টিয়া । সেখানকারই শিল্পকলা একাডেমীতে প্রথম প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষার সঙ্গে পিনুর পরিচয় । এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি পিনু যোগ দেয় ছায়ানটে।

পিনুর নিজের কথায় ‘রবিঠাকুরের গান আমায় দিয়েছে দ্বিতীয় জন্ম’ আর ছায়ানট আমার সেই জন্মকে দিয়েছে পূর্ণতা।’ রবীন্দ্রনাথের গানেই পিনুর প্রাতিষ্ঠানিক শিক্ষা হলেও, বাংলা সঙ্গীতের বাকী চার কবির গানেও পিনুর সমান পদচারনা। শুধু পঞ্চ কবির গানেই পিনু থেমে যাননি, তাঁর ‘কেবল গাইতে চাওয়া’ মন সমান আবেগ ও দক্ষতায় ধারন করেছে কীর্তন সহ বাংলা লোকগীতির বিভিন্ন ধারা এবং স্বর্ণযুগের বাংলা গানকেও। সমকালীন বাংলা গানের প্রতিও তাঁর রয়েছে সমান আগ্রহ।

দেশে থাকাকালীন সময়ে পিনু যেমন গান শুনিয়ে মুগ্ধ করেছেন বিভিন্ন জেলার শ্রোতাকে, তেমনি কোলকাতা, শান্তিনিকেতন, আগরতলার মত বিভিন্ন শহরেও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। প্রবাসেও পিনুর গান থেমে থাকেনি কখনোই। বিলেতে থাকাকালীন সময়ে লন্ডন শহর ছাড়াও পিনু আমন্ত্রিত শিল্পী হিসেবে প্রশংসা লাভ করেছেন অক্সফোর্ড, লীডস, এবং নটিংহ্যমেও। ইংল্যান্ড ছাড়াও পিনুর গান শুনে মুগ্ধ হয়েছে জার্মানির কোলন, অ্যামেরিকার নিউ ইয়র্ক ও অ্যারিজোনার বাঙালীরা। সম্প্রতি গান শুনিয়ে পিনু মোহিত করেছেন রাশিয়ার মস্কো শহরের বাঙালিদের।

বাংলাদেশের প্রায় সকল টিভি চ্যানেলেই পিনুর পরিবেশনা প্রশংসিত হয়েছে। এছাড়াও জাতীয় জাদুঘরে তিনি পঞ্চকবি ও বাংলার লোকগীতি নিয়ে দু’টি একক সন্ধ্যায় মুগ্ধ করেছেন তাঁর শুভানুধ্যায়ীদের।

বর্তমানে সপরিবারে ক্যানাডাবাসী পিনু নিজশহর রিজাইনা ছাড়াও টরন্টো, মন্ট্রিয়ল, অটোয়া, ক্যালগেরি ও সাস্কাটুনেও আমন্ত্রিত শিল্পী হিসেবে একক সঙ্গীত সন্ধ্যায় মন্ত্রমুগ্ধ করেছেন অগণিত শ্রোতাকে।

অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনায় ও কীবোর্ডে থাকবেন গুণীশিল্পী : জাহিদ হোসেন।
তবলায় থাকবেন : গুণীশিল্পী : রনি পালমার এবং যন্ত্রসঙ্গীতে থাকবেন আর একজন গুণীশিল্পী : রশিদ মোহাম্মদ মামুনুর।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টরন্টো শহরের অতি পরিচিত মুখ মম কাজী।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.