
কানাডিয়ান সফটউড লাম্বার আমদানিতে কাউন্টারভেইলিং শুল্ক দ্বিগুনের বেশি করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। এর ফলে সীমান্তের উভয় পাশের কমিউনিটিগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে ব্রিটিশ কলাম্বিয়ার ব্যবসায়ী গ্রুপগুলো জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অধিকাংশ কানাডিয়ান কোম্পানির জন্য শুল্ক বেড়ে হচ্ছে ১৪ দশমিক ৬৩ শতাংশ, যা আগের চেয়ে ৬ দশমিক ৭৪ শতাংশ বেশি। এই বৃদ্ধি ২০ দশমিক ৫৬ শতাংশ যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বলবৎ আছে তার অতিরিক্ত। এর ফলে কানাডিয়ান সফটউডের ওপর মোট শুল্ক দাঁড়াচ্ছে ৩৫ দশমিক ১৯ শতাংশ।
বিভাগটি বলছে, এখন তারা ইউ.এস. কাস্টমস অ্যান্ড প্রোটেকশনকে এই শুল্ক সংগ্রহ করতে বলবে।
ব্রিটিশ কলাম্বিয়া লাম্বার ট্রেড কাউন্সিলের প্রেসিডেন্ট কুর্ট নিকুইডেট এক বিবৃতিতে বলেছেন, এই শুল্ক বনজসম্পদ নির্ভর কানাডার অঞ্চলগুলোর ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে। একইভাবে এর ফলে আমেরিকান নির্মাতাদের নির্মাণ ব্যয়ও এর ফলে বেড়ে যাবে।
কাউন্সিল বলছে, সফটউড লাম্বার নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের মীমাংসা করা কানাডিয়ান ও আমেরিকান সরকারের সর্বোচ্চ অর্থনৈতিক অগ্রাধিকার হওয়া উচিত। বন্দোবস্তের ঘাটতির কারণে বিসিএলটিসি আইনগত উপায়ে কানাডিয়ানদের স্বার্থ রক্ষায় কানাডা সরকার ও শিল্প অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে। ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্টের আওতায় পদক্ষেপ এর মধ্যে অন্যতম।
এদিকে কোম্পাানিগুলোকে বাজার বৈচিত্র্যকরণ এবং পণ্যের মানোন্নয়নে সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী মার্ক কার্নি শিল্পটির জন্য ৭০ কোটি ডলার ঋণ নিশ্চয়তা এবং ৫০ কোটি ডলার দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সপ্তাহে ব্রিটিশ কলাম্বিয়া সফরকালে এই প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

