
জীবন পাবার খোঁজে এক সপ্তাহ ব্যয় করার পর হাডসন’স বে বলছে, আপাতত অর্ধডজন স্টোর চালু রাখার একটি উপায় তারা পেয়েছে। ছয়টি বাদে সব স্টোর অবসায়নের জন্য অন্টারিও জাজের অনুমতি পেতে সোমবার আদালতে যায় কানাডার সবচেয়ে পুরোনো কোম্পানিটি।
অবসায়নের হাত থেকে যে ছয়টি স্টোর হাডসন’স বে রক্ষা করতে চায় তার মধ্যে রয়েছে টরন্টোর ইয়ং স্ট্রিটে তাদের ফ্ল্যাগশিপ স্টোর। এই তালিকায় আারও আছে নগরীর ইর্য়কডেল মল এবং অন্টারিওর রিচমন্ড হিলে হিলক্রেস্ট মল। বাকি তিনটি স্টোর মন্ট্রিয়ল এবং কুইবেকের কেয়ারফোর লাভাল মল এবং পয়েন্টে- ক্লেয়ার।
অবসায়নের সময়ে অবশিষ্ট স্টোরগুলোতে কী পরিমাণ ছাড় দেওয়া হবে সে ব্যাপারে কিছু বলেনি কোম্পানিটি। এই স্টোরগুলো ১৫ জুন পর্যন্ত চালু থাকবে। ৩০ জুনের মধ্যে স্টোরগুলো খালি করার প্রতিশ্রুতি দিচ্ছে হাডসন’স বে।
কোম্পানিটির এই উদ্যোগ ৯ হাজার ৩৬৪টি চাকরি রক্ষার জন্য। কোম্পানি সবগুলো স্টোর বন্ধ করে দিলে এসব চাকরিও চলে যেত। শুক্রবার পর্যন্ত এটাই হাডসন’স বের পরিকল্পনা ছিল। ওইদিন কোম্পানিটি জানায়, বিক্রয় প্রত্যাশার চেয়ে বেশি, যা তাদেরকে ছয়টি স্টোর জীবিত রাখতে সহায়তা করছে।
হাডসন’স বের আইনজীবী অ্যাশলি টেইলর শুক্রবার আদালতকে বলেন, সমাধান খুঁজে পাওয়া গেলে আরও স্টোর অবসায়নের বাইরে রাখার একটি সুযোগ তৈরি হবে। কিন্তু দ্রুততম সময়ের মধ্যে যদি পুনর্গঠন সমাধান না পাওয়া যায তাহলে এই ছয়টি স্টোরও অবসায়নের তালিকায় চলে আসবে।
প্রস্তাবটি হাডসন’স বের জন্য ক্ষীণ আশার সঞ্চার করেছে। ৭ মার্চ কোম্পানিটি ক্রেডিটর প্রোটেকশন দাখিল করেছে। দাখিল করা নথিতে দেখা গেছে, কোম্পানিটি বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং ব্যবসা টিকিয়ে রাখতে মৌলিক পাওনা পরিশোধের জন্যও তাদের খুব বেশি নগদ অর্থের প্রয়োজন।

