
এইচআইভি সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ম্যানিটোবা। প্রদেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিরায় মাদক নেওয়া এবং অরক্ষিত বিপরীত লিঙ্গের যৌন সংগমের কারণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
প্রদেশের প্রধান প্রাদেশিক জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. ব্রেন্ট রোসিন বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, কানাডার মধ্যে ম্যানিটোবায় উচ্চ এইচআইভি সংক্রমণের হার অব্যাহত রয়েছে।
গত বছর ম্যানিটোবায় নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছিলেন ৩২৮ জন। ২০২৪ সালে যেখানে নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছিলেন ২৯১ জন। এ ছাড়া ২০২১ সালে ১৪২ জন এবং ২০১৯ সালে ৯০ জন নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছিলেন। ২০২৪ সালে ম্যানিটোবায় প্রতি এক লাখ মানুষের মধ্যে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা ছিল ১৯ দশমিক ৫, যা জাতীয় গড়ের প্রায় সাড়ে তিনগুণ।
প্রদেশের পক্ষ বলা হচ্ছে, আক্রান্তের হার সবচেয়ে বেশি প্রেইরি মাউন্টেন হেলথ এবং নর্দার্ন হেলথ রিজিয়নে। তবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এইচআইভিতে আক্রান্ত হয়েছেন উইনিপেগ অঞ্চলে। এমনটাই জানান রোসিন।
প্রধান প্রাদেশিক জনস্বাস্থ্য কর্মকর্তা বলেন, আক্রান্তদের মধ্যে আদিবাসী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য বেশি। রোসিন স্বীকার করেন যে, গৃহহীনতা, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ভাইরাসটি ছড়িয়ে পড়ার পেছনে ভূমিকা রাখছে।
তিনি বলেন, আমাদের উচিত সব খাতের মধ্যে কাজ অব্যাহত রাখা। এর মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্য সমস্যা, মাদকাসক্তি, আবাসন এবং সংশোধন। কারণ, আমরা জানি যে, এইচআইভির সংক্রমণ বিচ্ছিন্নভাবে হয় না।

