
তিন দশকের মধ্যে গত বছর বিশ^ব্যাপী ইহুদিদের বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। ইহুদিবিদ্বেষী এসব হামলায় ২০ জন নিহত হয়েছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সোমবার প্রকাশিত এক গবেষণায় এই তথ্য তুলে ধরা হয়েছে।
সহিংসতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অস্ট্রেলিয়ায় হানুকাহ উদ্যাপনের ওপর হামলা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং পরবর্তীতে গাজায় ইসরায়েলের যুদ্ধের পর থেকে ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গবেষণা প্রতিবেদনে প্রধান সম্পাদক উরিয়া শাভিট বলেন, উচ্চ পর্যায়ের ইহুদিবিদ্বেষী ঘটনাগুলো বাস্তবতার নিরিখে স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং এটা উদ্বেগের।
তিনটি মহাদেশেই ভয়ঙ্কর ইহুদিবিদ্বেষী হামলা নথিভুক্ত করা হয়েছে। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সিডনিতে ছুটির দিনের অনুষ্ঠানে ১৫ জন নিহত হন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও কলরাডোতে দুটি ইহুদিবিদ্বেষী হামলায়ও মৃত্যুর ঘটনা ঘটে। এ ছাড়া ব্রিটেনে ইয়োম কিপুরে ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলায় দুইজন নিহত হন। ইয়োম কিপুর হচ্ছে ইহুদিদের পঞ্জিকায় পবিত্রতম দিন।
তেল আবিব ইউনিভার্সিটির সেন্টার ফর দ্য স্টাটি অব কনটেম্পোরারি ইউরোপিয়ান জিউরি এবং আরভিন কটলার ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস ইসরায়েলের হলোকাস্ট স্মরণ দিবসকে সামনে রেখে প্রতি বছর ইহুদিবিদ্বেষ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
হলোকাস্টে ৬০ লাখ ইহুদিকে হত্যার জন্য দিনটিকে জাতীয়ভাবে স্মরণ করা হয়, যা শুরু হয় সোমবার সকালে। এ ছাড়া প্রতিবেদনে শারীরিক ক্ষতির উদ্দেশে ইহুদিবিদ্বেষী হামলা বেড়ে যাওয়ারও তথ্য উঠে এসেছে নতুন প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে পেটানো ও পাথর নিক্ষেপ করা।

