
সিংহভাগ কানাডিয়ান বলেছেন, বর্ধিত গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি তাদের ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক অবস্থা ক্ষতিগ্রস্ত করছে। নতুন এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
সিটিনিউজের জন্য সমীক্ষাটি করেছে কানাডা পালস ইনসাইট। সমীক্ষায় অংশ নেওয়া ৯১ শতাংশ উত্তরদাতা বলেছেন, গ্যাসের মূল্য তাদের পকেটবুকের ক্ষতি করছে। গ্যাসের মূল্য তাদের ওপর বড় ধরনের বা মোটামুটি মাত্রায় প্রভাব ফেলছে বলে জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ৬৯ শতাংশ উত্তরদাতা।
সমীক্ষায় অংশ নেওয়া ৩০ শতাংশ উত্তরদাতা বলেছেন, এটা তাদের আর্থিক অবস্থার বড় ধরনের প্রভাব ফেলছে। ১১ শতাংশ বলেছেন, এর ফলে খাবারের সংস্থান করতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। আর ১৯ শতাংশ বলেছেন, বাড়তি মূল্য তাদেরকে কাজ বা জীবনযাত্রার ধরনে পরিবর্তন আনতে বাধ্য করছে।
সমীক্ষায় অংশ নেওয়া আরও ৬০ শতাংশ উত্তরদাতা বলেছেন, প্রভাবটা লক্ষণীয় হলেও বিদ্যমান বাজেটের মধ্যেই এটি সামলানো সম্ভব। অথবা ব্যয় ও অভ্যাস বদলের মধ্য দিয়ে সামাল দেওয়ার সুযোগ রয়েছে।
সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে তরুণ কানাডিয়ানরা। সমীক্ষায় অংশ নেওয়া ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৭৭ শতাংশ কানাডিয়ান বলেছেন, এর ফলে তারা ক্ষতিগ্রস্ত। এ ছাড়া ৫০ হাজার থেকে ৯০ হাজার ডলার আয়কারী ৭২ শতাংশ কানাডিয়ানও একই অভিমত ব্যক্ত করেছেন।
গ্যাস ও জ্বালানি তেলের বর্ধিত মূল্যে ক্ষতিগ্রস্ত বলে যারা মত দিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি অন্টারিওবাসী। এই মত পোষণকারীদের মধ্যে তাদের হার ৭৭ শতাংশ। এর পরেই রয়েছে আলবার্টা ৭৬ শতাংশ, সাস্কেচুয়ান/শ্যানিটোবা ৭৫ শতাংশ, কুইবেক ৭৪ শতাংশ এবং আটলান্টিক কানাডা ৬৫ শতাংশ।

