
টরন্টোর ওয়াটারফ্রন্টকে আরো আধুনিকীকরনের প্রচেষ্টা দীর্ঘদিনের। সেই প্রচেষ্টা এবার বাস্ব রূপ লাভ করছে। জানা গেছে, ওয়াটারফ্রন্টকে ঘিরে নতুন ট্রানজিট লাইন নির্মাণ করা হবে।
একাধিক সূত্র জানিয়েছে, ৩০০ কোটি ডলার ব্যয়ে নতুন একটি ট্রানজিট লাইন নির্মিত হবে। ফেডারেল ও প্রাদেশিক সরকারের সহায়তায় ট্রানজিট লাইনটি নির্মিত হবে। ওয়াটারফ্রন্ট ইস্ট ট্রানজিট লাইন নির্মাণে তিন স্তরের সরকারই সোমবার ব্যয় ভাগাভাগি চুক্তির ঘোষণা দিয়েছে।
ইউনিয়ন স্টেশন থেকে পোর্ট ল্যান্ড পর্যন্ত ৩ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এলআরটি ট্র্যাকটি ওয়াটারফ্রন্টের দেড় লাখ মানুষকে সেবা দেবে। কুইন্স কোয়ে ইস্ট থেকে চেরি স্ট্রিট এবং চেরি স্ট্রিট ও কমিশনার্স স্ট্রিট বরাবর টরন্টোর ওয়াটারফ্রন্টের নিউ আইল্যান্ড পর্যন্ত চলবে।
টরন্টোর মেয়র অলিভিয়া চাউ ইতিমধ্যে বলেছেন, অধিক সংখ্যক বাড়ি নির্মাণের জন্য প্রয়োজন আরও বেশি অবকাঠামোর, যা নগরীকে বাসযোগ্য রাখবে। আজকের ঘোষণা আমাদের ওয়াটারফ্রন্টের জন্য ঠিক সেটাই। এটি র্যাপিড ট্রানজিট লাইন, যা ইউনিয়ন থেকে পূর্ব দিকে চলবে এবং এই লাইন বরাবর হাজারো বাড়িকে সেবা সেবে। এটার অভাব ছিল।
সিটির পোর্ট ল্যান্ডে কাজ চলমান রয়েছে এবং সাবেক এই শিল্প অঞ্চলটির ২৪০ হেক্টর জমি পুনিউন্নয়নের জন্য অবমুক্তকরণের কথা ভাবা হচ্ছে। সিটির প্রাক্কলন অনুযায়ী, প্রকল্পটি সম্পন্ন হলে তা ৭৫ হাজারের বেশি আবাসন ইউনিট তৈরিতে সহায়তা করবে।
প্রকল্পটি সম্পন্নে প্রয়োজনীয় তহবিলের এক-তৃতীয়াংশ করে দেবে ফেডারেল, প্রাদেশিক ও মিউনিসিপাল সরকার। প্রাদেশিক ও ফেডারেল সরকার বলেছে, বাড়তি কোনো ব্যয় তারা বহন করবে না। তবে কবে নাগাদ নির্মাণকাজ শুরু হবে তা এখনো স্পষ্ট নয়।
ওয়াটারফ্রন্ট এরিয়ায় বসবাস করেন এমন একজন বাসিন্দা শ্যানন ওয়াকার এই প্রতিবেদককে বলেন, যদি টরন্টো সিটি পরিকল্পনা মাফিক ওয়াটারফ্যন্টকে ঢেলে সাজায় এবং ট্রানজিট কানেক্ট করে তাহলে বদলে যাবে এই এলাকার চিত্র।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

