
রেস্টুরেন্ট ব্যবসায় এখন দুর্দিন চলছে। এই অবস্থা কেবলমাত্র টরন্টো, অটোয়া, মন্ট্রিয়ল কিংবা ভ্যানকুভারের নয়। মন্দা চলছে পুরো কানাডা জুড়ে। রিয়েলটর দীপু ইসলাম জানালেন, গত ছয় মাসে বিপুল সংখ্যক রেস্টুরেন্ট ব্যবসা এমএলএসে যুক্ত হয়েছে।
বাংলাদেশ প্লাজায় অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ঢাকা বাজারের অন্যতম কর্ণধার সালেকিন শাকিল বললেন, আমাদের ব্যবসা ভালো চলছে। কিন্তু আরো ভালোতো আমরা আশা করি। জানা যায়, অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে খাদ্য পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি আনইমপ্লয়েমেন্ট রেট উর্ধ্বমুখি। মধ্যবিত্ত পরিবারের অনেকের কাছেই বাড়তি বাজেট নেই রেস্টুরেন্টে যাবার মতো। ফলে নিয়মিত রেস্টুরেন্টমুখি হওয়া কমিয়ে দিয়েছেন অনেকেই।
টরন্টোর অসংখ্য পুরনো রেস্টুরেন্টও এই মন্দার শিকার হয়েছে। কর্ণধাররা হিমশিম খাচ্ছেন মাসিক ব্যয় নির্বাহ করতে। কোনো কোনো রেস্টুরেন্ট পুরনো ব্যবসা পাল্টে নতুন কোনো ব্যবসা শুরু করার দিকে ঝুঁকছেন। আর প্রতিনিয়ত হাতবদল হচ্ছে অসংখ্য রেস্টুরেন্ট। এসব নেতিবাচক পরিস্থিতির বাইরেও রয়েছে ব্যতিক্রম। মাত্র অল্প কিছুদিন আগে যাত্রা শুরু করা এগলিন্টন-কেনেডি ইন্টার সেকশনের খাজানা বাই খাজানা মিঠাই রেস্টুরেন্টের কর্ণধার ইফতেখার ববি বললেন আশাবাদের কথা। জানালেন পুরো রোজার মাসে খুবউ ব্যস্ত সময় পার করেছে খাজানা। ওভারবুকড ছিলো প্রতিদিন ইফতারে। এখনো এই ধারা অব্যাহত রয়েছে।

