
২০২৪ সালের টরন্টোর উপনির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে সাবেক লিবারেল এমপি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়েছেন কানাডা ইলেকশন্সের কমিশনার। সরকার আয়োজিত দুটি সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন তিনি।
শুক্রবার এই ঘটনা নিয়ে কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে একজন প্রার্থীর পক্ষে কে অবদান রাখতে পারবেন সেই নিয়ম তুলে ধরা হয়েছে।
ফ্রিল্যান্ড উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং ২০২৪ সালের ২৩ ও ২৪ জুন সরকারের দুটি বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। টরন্টো-সেন্ট পল’সের লিবারেল প্রার্থী লেসলি চার্চের ব্যাপারে যখন প্রশ্ন করা হয় তখন তিনি এসব দায়িত্বে ছিলেন। দুটি সংবাদ সম্মেলনই আয়োজন করা হয়েছিল রাইডিংয়ের বাইরে এবং কোনো সংবাদ সম্মেলনেই চার্চ উপস্থিত ছিলেন না।
প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকরা ফ্রিল্যান্ডের কাছে সরকারের নীতি ও উপনির্বাচন বিষয়ে প্রশ্ন করেছিলেন। উত্তরে ফ্রিল্যান্ড চার্চের প্রতি তার সমর্থনের কথা ব্যক্ত করেন। সম্প্রতি চার্চ ফ্রিল্যান্ডের চিফ অব স্টাফের পদ থেকে পদত্যাগ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিল্যান্ড যেহেতু সরকারের প্রতিনিধি হিসেবে এবং সরকারি কোনো অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তাই এর বাণিজ্যক মূল্য ৯১০ দশমিক ৫৮ ডলার। তবে তার এই মন্তব্য যে, নির্বাচনী আইনের লঙ্ঘন ফ্রিল্যান্ড সে ব্যাপারে অবগত ছিলেন না।
ফ্রিল্যান্ডকে এজন কোনো আর্থিক জরিমানার মুখে পড়তে না হলেও এ ধরনের ভুল আর করবেন না বলে কমিশনারের কাছে মুচলেকা দিতে হয়েছে। সেই সঙ্গে তার সাবেক রাইডিং অ্যাসোসিয়েশন রিসিভার জেনারেলকে গত জানুয়ারিতে ৯১০ দশমিক ৫৮ ডলার পরিশোধ করতে হয়েছে।

