
রেকর্ড সংখ্যক আমেরিকান তরুণী যুক্তরাষ্ট্র ছাড়তে চান বলে জানিয়েছেন। তাদের বেশিরভাগেরই পছন্দের গন্তব্য কানাডা। নতুন এক সমীক্ষায় এই তথ্য উঠেছে।
গ্যালাপের নতুন এই সমীক্ষায় অংশগ্রহণকারী ১৫ থেকে ৪৪ বছর বয়সী ৪০ শতাংশ আমেরিকারন নারী বলেছেন, সুযোগ পেলে তারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র ত্যাগ কনতে চান।
তবে তরুণ আমেরিকানদের মধ্যে মাত্র ১৯ শতাংশ চিরতরে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে চান বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ত্যাগ করতে চাওয়া তরুণ নারী ও পুরুষের মধ্যকার ২১ পয়েন্টের এই ব্যবধান এখন পর্যন্ত রেকর্ড।
যুক্তরাষ্ট্র ছাড়তে চাওয়া মার্কিন তরুণীদের মধ্যে ১১ শতাংশ কানাডাকে তাদের পছন্দের গন্তব্য হিসেবে উল্লেখ করেছেন। এর পরে তাদের পছন্দের গন্তব্য নিউ জিল্যান্ড, ইতালি এবং জাপান।
সমীক্ষার ফলাফলটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। সমীক্ষায় অংশগ্রহণকারী প্রতি পাঁচজনের মধ্যে একজন আমেরিকান বলেছেন, সুযোগ পেলে তারা যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।
গ্যালাপের ওয়ার্ল্ড নিউজের সম্পাদক জুলি রে দি কানাডিয়ান প্রেসকে বলেন, বহু বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে চাওয়া আমেরিকানদের এতো উচ্চ হার আমরা দেখিনি।
১৫ বছর ও তার বেশি বয়সী এক হাজার আমেরিকানের ওপর ১৪ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত টেলিফোনের সমীক্ষাটি চালানো হয়। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছাড়তে চাওয়ার কথা বলেছিলেন মাত্র ১০ শতাংশ আমেরিকান তরুণী।

