
কানাডায় প্রদেশগুলোর মধ্যে অ্যালকোহল বিক্রয়ে বড় বাধা হয়ে আছে আন্তঃপ্রদেশ বাণিজ্য প্রতিবন্ধকতা। বিশেষ করে ক্র্যাফট ব্রিউয়ারি, ডিস্টিলারি এবং ওয়াইনমেকারদের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা প্রবল। দি কানাডিয়ান ফেডারেশন ফর ইন্ডিপেন্ডেন্ট বিজনেসের (সিএফআইবি) নতুন এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল এবং প্রাদেশিক সরকারের চেষ্টা সত্ত্বেও বহু প্রতিবন্ধকতা এখনো রয়ে গেছে। ব্যাপক ও গভীর এসব প্রতিবন্ধকতা কানাডার অভ্যন্তরীণ অ্যালকোহল শিল্পের প্রবৃদ্ধি, উদ্ভাবন ও প্রতিযোগিতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
ফেডারেল ও প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন, মার্কিন শুল্কের বিরুদ্ধে কানাডার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আন্তঃপ্রদেশ বাণিজ্য প্রতিবন্ধকতা হ্রাস। এসব প্রতিবন্ধকতা কমিয়ে আনার লক্ষ্যে গ্রীষ্মে বেশ কিছু প্রদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড।
গত সোমবার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, অভ্যন্তরীণ বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো ভেঙে দেয়ার মাধ্যমে সরকার ওয়াইনের বিক্রি বাড়িয়েছে।
নিউ ব্রান্সউইকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বছরের গোড়ার দিকে আমাদের সরকার অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগুলো দূর করেছে। একইসঙ্গে প্রদেশ ও অঞ্চলগুলোও এসব প্রতিবন্ধকতা অপসারণে কাজ শুরু করেছে, যা আমাদের সীমান্তের মধ্যে বিপুল অংকের বাণিজ্যের দরজা উন্মুক্ত করে দেবে।
যদিও সিএফআইবি তাদের প্রতিবেদনে বলেছে, এসব উদ্যোগ অ্যালকোহল বিক্রির ক্ষেত্রে অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগুলো যথেষ্ট পরিমাণে ভাঙতে পারেনি। অভ্যন্তরীণ বাণিজ্য বাধা কমিয়ে আনতে কানাডা পদক্ষেপ গ্রহণ শুরু করলেও অ্যালকোহলের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো রয়েই গেছে।
অর্থমন্ত্রী পিটার বেথলেনফালভির যোগাযোগ বিষয়ক পরিচালক কলিন ব্লাচার লিখেছেন, গত বছর অন্টারিওতে তৈরি অ্যালকোহল পণ্যের বিক্রি প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে তৈরি পণ্যের বিক্রি বেড়েছে ৫০ শতাংশ এবং ভিকিউএ ওয়াইনের বিক্রি বেড়েছে ৭৯ শতাংশ। শতভাগ অন্টারিওতে উৎপাদিত আঙুর থেকে পণ্যগুলো তৈরি।

