
অন্টারিওর আইনসভায় সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী এমপিপিদের অন্যতম জিম ব্র্যাডলি মারা গেছেন
অন্টারিওর আইনসভায় সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী এমপিপিদের অন্যতম জিম ব্র্যাডলি মারা গেছেন। একইসঙ্গে তিনি রায়াগ্রা রিজিয়নের চেয়ারও ছিলেন।
রিজিয়নের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অসুস্থ্য থাকার পর শুক্রবার ৮০ বছর বয়সে মারা গেছেন ব্র্যাডলি।
১৯৭৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এমপিপি ছিলেন ব্র্যাডলি। ২০১৮ সালে তিনি স্থানীয় রাজনীতিতে ফিরে আসেন। ১৯৭০ সালে তিনি প্রথম সেন্ট ক্যাথারিন্স সিটি কাউন্সিলে নির্বাচিত হন। সে সময় তার বয়স ছিল মাত্র ২৫ বছর। এর ৪৮ বছর পর নায়াগ্রা রিজিয়নাল কাউন্সিলে আবারও কাউন্সিলর নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার পরপরই তিনি রিজিয়নাল চেয়ারের দায়িত্ব পান এবং প্রাদেশিক সরকার ২০২২ সালে তাকে ওই পদে পুনর্নিয়োগ করে।
প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে ব্র্যাডলি একাধিক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্তও তিনি একই মন্ত্রণালয় সামলান।
মৃত্যুর আগে রেখে যাওয়া বার্তায় ব্র্যাডলি তার সংসদীয় আসনের নাগরিকদেরকে তার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি লেখেন, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা সত্যিকারের সম্পদ এবং আমাদের সিটি, অঞ্চল ও আমাদের প্রদেশের চাহিদা ও আকাক্সক্ষার পক্ষে থাকতে পারাকে আমি সব সময়ই অত্যন্ত সম্মানের হিসেবে দেখেছি।
ব্র্যাডলি কানাডার ইতিহাসে দীর্ঘতম সময় পর্যন্ত এমপিপির দায়িত্ব পালন করা দ্বিতীয় রাজনীতিক। এমপিপি হিসেবে দায়িত্ব পালনকে করেছেন দীর্ঘ ৪১ বছর। তার চেয়ে বেশি সময় এমপিপির দায়িত্ব পালন করেছেন কেবলমাত্র হ্যারি নিক্সন। ১৯১৯ সালে তিনি প্রথম এমপিপি হন এবং ১৯৬২ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

