Latest Posts

প্রবীণদের অবসর পরিকল্পনায় নতুন উদ্বেগ

- Advertisement -
সাম্প্রতিক একাধিক অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণে উঠে এসেছে যে, ৫৭ বছর বা তার বেশি বয়সী অন্টারিওবাসীদের একটি বড় অংশ গত কয়েক বছরে বিভিন্ন ধরনের সন্দেহজনক যোগাযোগের সম্মুখীন হয়েছেন

অন্টারিওর বিভিন্ন শহরে প্রবীণ নাগরিকদের লক্ষ্য করে আর্থিক প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। প্রযুক্তির অগ্রগতি এবং ডিজিটাল যোগাযোগের বিস্তারের সঙ্গে সঙ্গে প্রতারক চক্রও হয়ে উঠেছে আরও সংগঠিত, কৌশলী ও পরিকল্পিত। এর কারণে অবসর জীবনের জন্য দীর্ঘদিন ধরে সঞ্চিত অর্থ হারানোর আশঙ্কায় অনেক প্রবীণ এখন মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

সাম্প্রতিক একাধিক অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণে উঠে এসেছে যে, ৫৭ বছর বা তার বেশি বয়সী অন্টারিওবাসীদের একটি বড় অংশ গত কয়েক বছরে বিভিন্ন ধরনের সন্দেহজনক যোগাযোগের সম্মুখীন হয়েছেন। ফোনকল, টেক্সট মেসেজ কিংবা ডাকযোগে পাঠানো চিঠির মাধ্যমে প্রতারকরা নিজেদের ব্যাংক কর্মকর্তা, সরকারি সংস্থার প্রতিনিধি বা পরিচিত প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে যোগাযোগ করছে।

- Advertisement -

পরিসংখ্যান বলছে, প্রায় ৯২ শতাংশ প্রবীণ গত পাঁচ বছরের মধ্যে অন্তত একবার সন্দেহজনক ফোনকল বা বার্তা পেয়েছেন। প্রায় এক-তৃতীয়াংশ জানিয়েছেন, প্রতারকরা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে তাদের আস্থা অর্জনের চেষ্টা করেছে। একইসঙ্গে ৩৩ শতাংশের অভিজ্ঞতা অপরিচিত কেউ সরাসরি অর্থ পাঠানো বা ব্যক্তিগত তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে।

এই প্রতারণার ফল শুধু আতঙ্কেই সীমাবদ্ধ নয় অনেকেই সরাসরি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। প্রায় ২৬ শতাংশ প্রবীণ জানিয়েছেন, তাদের ব্যাংক বা আর্থিক হিসাবে অনুমতি ছাড়াই অর্থ লেনদেন হয়েছে। ২১ শতাংশের ক্ষেত্রে অনলাইন অ্যাকাউন্ট হ্যাক বা অন্যের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ১৭ শতাংশ বলেছেন, তাদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বা অপব্যবহার করা হয়েছে।

আরও উদ্বেগজনক বিষয় হলো, প্রায় ১২ শতাংশ প্রবীণ জানিয়েছেন, প্রতারকরা কখনো কখনো তাদের পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ পরিচিতের পরিচয় ব্যবহার করে যোগাযোগ করেছে যা প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। কিছু অংশগ্রহণকারী বিনিয়োগ সংক্রান্ত প্রতারণায় অর্থ হারানোর কথাও জানিয়েছেন, যা অবসর জীবনের আর্থিক নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একটি অবসরপ্রাপ্ত কেন্দ্রের পরিচালক পল এ্যানসিলন। প্রতারকদের এই ক্রমবর্ধমান কার্যক্রম প্রবীণদের অবসর পরিকল্পনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে বলে জানিয়েছেন পল এ্যানসিলন।

জরিপে দেখা গেছে, প্রায় তিন-চতুর্থাংশ প্রবীণ মনে করেন আগামী এক বছরের মধ্যে তারা আর্থিক প্রতারণার ঝুঁকিতে থাকতে পারেন। ২১ শতাংশ জানিয়েছেন, যদি তারা ২৫ হাজার ডলার বা তার বেশি অর্থ হারান, তাহলে তাদের অবসর পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হবেন। এমনকি এর চেয়ে কম অর্থ হারালেও অনেকের আর্থিক নিরাপত্তা নড়বড়ে হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। উল্লেখযোগ্যভাবে, প্রায় ১৫ শতাংশ প্রবীণ জানিয়েছেন যে তাদের এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট অবসর পরিকল্পনা নেই।

তবে এই উদ্বেগের মাঝেও কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। অবসরের দ্বারপ্রান্তে থাকা পিটার ক্যান জানান, এখন অনেক প্রবীণ আর আর্থিক সমস্যার বিষয়টি পরিবার থেকে গোপন রাখতে চান না। সমীক্ষা অনুযায়ী, পরিবারের সদস্যদের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানিয়েছেন ৮২ শতাংশ প্রবীণ নাগরিক যা প্রতারণা প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরেকজন আসন্ন অবসরপ্রাপ্ত নাগরিক আবদাল মাহমুদ মনে করেন, সচেতনতা বৃদ্ধি, সন্দেহজনক যোগাযোগ সম্পর্কে সতর্ক থাকা এবং পরিবারের সঙ্গে নিয়মিত আলোচনা এই তিনটি বিষয়ই প্রবীণদের আর্থিক প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে কার্যকর হতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, প্রতারণা প্রতিরোধে শুধু ব্যক্তিগত সতর্কতা নয়, বরং সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আরও কার্যকর সচেতনতামূলক উদ্যোগ প্রয়োজন। একইসঙ্গে পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টাই প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

অন্টারিওতে প্রবীণদের বিরুদ্ধে এই ক্রমবর্ধমান আর্থিক প্রতারণা শুধু একটি আইনশৃঙ্খলা বিষয় নয়, বরং এটি একটি সামাজিক সংকট যার প্রভাব পড়ছে মানুষের জীবনের সবচেয়ে সংবেদনশীল সময়, অর্থাৎ অবসর জীবনে।

Helal Chowdhury : Local Journalism Initiative Reporter

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.