
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মন্ত্রী ইভান সলোমন জার্মানি সফর শেষে সৌদি আরব ও ভারত সফর করছেন। কানাডার প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টার অংশ হিসেবে তার এই সফর।
সলোমন বলেন, এই সফর আমাদের বাণিজ্য সহযোগী সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ খুঁজে দেখার জন্য। এই বিনিয়োগ কানাডিয়ান প্রযুক্তি খাতে।
গত সপ্তাহে তিনি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিয়েছিলেন এবং শিগগিরই তিনি সৌদি আরবে যাবেন। এর আগে ভারতে অনুষ্ঠেয় এআই ইম্প্যাক্ট সম্মেলনে যোগ দেবেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহৎ শক্তিগুলোর অর্থনৈতিক জবরদস্তির বিরুদ্ধে মধ্য শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোয় বৈশি^ক এই সম্মেলনগুলো অনুষ্ঠিত হচ্ছে। সতার মিউনিখে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল সভরেইন টেকনোলজি অ্যালায়েন্সে স্বাক্ষর করা। ইউরোপ বিশেষ করে জার্মানির সঙ্গে গভীর জোট গড়ে তোলার একে তিনি সত্যিকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।
সরকারের তরফ থেকে বলা হয়েছে, সার্বভৌম এআই সক্ষমতা গড়ে তুলতে ও কৌশলগত প্রযুক্তিনির্ভরতা কমিয়ে আনতে কানাডা এবং জার্মানি আস্থাবান অংশীজনদের সঙ্গে সহযোগিতা গভীর করতে পারে।
একই সঙ্গে কানাডা এআই বিষয়ে জার্মানির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণেও রাজি হয়েছে। মন্ট্রিয়লে গত ডিসেম্বরে অনুষ্ঠিত জি৭ মন্ত্রীদের বৈঠকে সলোমন জার্মানির সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেন। পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্যের সঙ্গেও নতুন চুক্তিতে স্বাক্ষর করেন।
সলোমন বলেন, তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে কাজ করছেন। সেই সঙ্গে সেখানে বিনিয়োগ বৃদ্ধিতে একটি কর্মকাঠামো নিয়েও কাজ করছেন।
গত বছর তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং ইউএইর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। আর কাতারের সঙ্গে একটি যৌথ বিবৃতি দেন।

