
নিষিদ্ধ ঘোষিত অস্ত্রের মালিকরা মার্চ পর্যন্ত ফেডারেল ক্ষতিপূরণ কর্মসূচির ব্যাপারে তাদের আগ্রহ জানাতে পারবেন। মালিকরা তাদের অস্ত্র ফেরত দেওয়া অথবা স্থায়ীভাবে ধ্বংস করে ফেলার বিনিময়ে এই সুযোগ পাবেন।
ফেডারেল সরকার বলেছে, নিষিদ্ধ ঘোষিত অস্ত্রের মালিকদের ঘোষণা দেওয়ার সময় সোমবার থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।
২০২০ সালের মে থেকে এখন পর্যন্ত অটোয়া আড়াই হাজার ধরনের অস্ত্র নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে এআর-১৫। কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় এই বিবেচনায় অস্ত্রগুলো নিষিদ্ধ করা হয়েছে।
পাবলিক সেফটি কানাডা শনিবার বলেছে, ঘোষণার সময় সম্পর্কে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের জানানো হবে। কীভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়া যাবে তাও জানিয়ে দেওয়া হবে।
জননিরাপত্তামন্ত্রী গ্যারি আনান্দসাঙ্গারি বলেছেন, এই আগ্নেয়াস্ত্রগুলো তৈরি করা হয়েছে যুদ্ধের জন্য, মানুষ হত্যার জন্য। আমাদের কমিউনিটিতে এগুলোর কোনো স্থান নেই।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রাথমিকভাবে ক্ষতিপূরণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সরকার। যাদের ঘোষণা অনুমোদিত হবে দাবি চূড়ান্ত করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি তাদের অস্ত্র রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি), স্থানীয় পুলিশ অথবা ভ্রাম্যমাণ সংগ্রহ দলের হাতে তুলে দেওয়ার সময়সীচি জানিয়ে দেওয়া হবে।
৩০ অক্টোবর সাধারণ ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে নিষিদ্ধ ঘোষিত আগ্নেয়ান্ত্র অবশ্যই ধ্বংস করতে হবে অথবা স্থায়ীভাবে অকার্যকর করতে হবে।

