
পোর্ট হোপের একটি গ্রামীণ বাড়িতে ৩৮ লাখ ডলারের মাদক আবিস্কৃত হওয়ার পর টরন্টোর আটজন বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে ঘটনাটি ঘটে।
অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ বলেছে, শহরের উত্তরে একটি অবকাঠামোয় অগ্নিকান্ডের ঘটনায় জরুরি ক্রুরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করার গত ডিসেম্বরে একটি তদন্ত শুরু করা হয়। সে সময় পোর্ট হোপ মিউনিসিপালিটির ফায়ার ডিপার্টমেন্ট ওপিপিকে একটি বাড়িতে ক্যানাবিস চাষের বিষয়টি অবহিত করে।
ওপিপি বলেছে, ওপিপি নেতৃত্বাধীন প্রভিন্সিয়াল জয়েন্ট ফোর্সেস ক্যানাবিস এনফোর্সমেন্ট টিম (পিজেএফসিইটি) এবং পিটারবোরো/নর্থআম্বারল্যান্ড কমিউনিটি স্ট্রিট ক্রাইম ইউনিটের সদস্যরা বৃহস্পতিবার বাড়িতে একটি তল্লাশিয়া পরোয়ানা কার্যকর করেন। তল্লাশিতে ৭ হাজার ৬০০ অবৈধ ক্যানাবিস গাছ এবং ১০০ পাউন্ড শুকনো অবৈধ ক্যানাবিস কুড়ি জব্দ করা হয়।
ওপিপি বলেছে, তদন্তের ফলাফল হিসেবে অবৈধভাবে চাষের কারণে ক্যানাবিস আইনে আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ক্যানাবিস সংগ্রহ এবং বিতরণের উদ্দেশে তা দখলে রাখার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন নর্থ ইয়র্কের বাসিন্দা ২৮ বছর বয়সী ডাক লি, ৪৪ বছর বয়সী হোয়াঙ্গ এনজিএ, ৪৪ বছর বয়সী থু নিগুয়েন, ৪৩ বছর বয়সী থি নিগুয়েন, ৪৯ বছর বয়সী নিগুয়েথি স্যাঙ্গ এবং স্কারবোরোর বাসিন্দা ৫২ বছর বয়সী শুয়া ট্যানফ-ঝঙ্গ, ৫১ বছর বয়সী জঙ্ঘুয়া ই ও ৫১ বছর বয়সী ইন ইয়াঙ্গ। অভিযক্তদের সবাইকে হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং ২৬ ফেব্রুয়ারি তাদের কোবোর্গ আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
অবৈধ ক্যানাবিস বিক্রয় অথবা উৎপাদন সংক্রান্ত কারো কাছে কোনো তথ্য থাকলে ১-৮৮৮-৩১০-১১২২ নাম্বারে ওপিপির সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

