
সপ্তাহান্তে নগরীজুড়ে আরও দ্রুতগতির ভ্রমণ সুবিধা আসছে। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টরন্টোর মেয়র অলিভিয়া চাউ।
চাউ বলেন, শনিবার থেকে লাইন ওয়ানে প্রতি আড়াই মিনিট পর পর ট্রেন আসবে। সকালে অতিরিক্ত চাহিদার সময় অতিরিক্ত ১০টি ট্রেনও চলাচল করবে। সন্ধ্যায় চলবে অতিরিক্ত ১৫টি ট্রেন।
কিছু স্ট্রিটকার রুটে বর্ধিত সেবা পাওয়া যাবে। ৫০৫ ডানডাস এবং ৫১১ ব্যাথার্স্টে সর্বোচ্চ চাহিদার সময় প্রতি ছয় মিনিট পর পর স্ট্রিটকার চলাচল করবে।
অসগুড স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র অলিভিয়া চাউ বলেন, এর অর্থ হলো অপেক্ষমাণ সময় কমবে, ভীড় হ্রাস পাবে এবং নিঃশ্বাস নেওয়ার জায়গা বাড়বে। সকালে সর্বোচ্চ চাহিদার সময় ১০টি এবং সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় অতিরিক্ত ১৫টি ট্রেন চলবে। এটা কেবল লাইন ওয়ানে নয়, লাইন টুতেও এক মিনিট দ্রুত হবে ট্রেন। আগে যেখানে সাড়ে ৩ মিনিট পরপর ট্রেন আসত এখন সেখাতে প্রতি আড়াই মিনিট পরপর ট্রেন আসবে। গণপরিবহন ব্যবহারকারীরা নির্ভরযোগ্য ও ঘনঘন গণপরিবহন সেবার দাবিদার। এ ছাড়া আগের চেয়ে বেশি সংখ্যক মানুষ এখন সশরীরে অফিসে আসছেন এবং স্কুলে যাচ্ছেন। এ অবস্থায় প্রাত্যহিক যাতায়াত দ্রুত ও অপেক্ষাকৃত ভীড়মুক্ত হবে।
চাউ আরও বলেন, সেবার হার ও পরিমাণে পরিবর্তন আসলেও ভাড়া বৃদ্ধির মতো কোনো ঘটনা ঘটবে না।
একই সংবাদ সম্মেলনে টিটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানদীপ লালি বলেন, গ্রাহকদের মতামতের পাশাপাশি চাউয়ের সহযোগিতা, দিকনির্দেশনা এবং বিনিয়োগ টিটিসিকে এই সামঞ্জস্যতা আনার ক্ষেত্রে সহায়ক হয়েছে। এর সত্যিকারের প্রভাব পড়বে এবং কোভিড-১৯ মহামারির পর প্রথমবারের মতো আমরা গ্রাহকদের চাহিদা এতোটা পূরণ করতে যাচ্ছি।
পাশাপাশি এই সপ্তাহ থেকে টরন্টো কমিউনিটি ক্রাইসিস সার্ভিস (টিসিসিএস) কর্মীরা স্পাদিনা, ইউনিয়ন এবং ব্লুর-ইয়ং স্টেশনে সার্বক্ষণিক মোতায়েন থাকবেন। এই ফলের গোড়ার দিকে ঘোষিত নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষামূলক প্রকল্পের অংশ এটি।

