
হাইওয়ে ৪০১ এর তলদেশে টানেল নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষায় অন্টারিওর করদাতাদের অর্থ খরচ হবে ৯১ লাখ ডলার। সমীক্ষার জন্য বসন্তে আগ্রহপত্র আহ্বান করে প্রদেশ। পরিবহনমন্ত্রী প্রাবমিত সরকারিয়ার একজন মুখপাত্র বৃহস্পতিবার বলেন, ডব্লিউএসপি কানাডা ইনকর্পোরেশন সম্প্রতি সম্ভাব্যতা সমীক্ষার কাজটি পেয়েছে।
মুখপাত্র ডাকোটা ব্র্যাসিয়ের লিখেছেন, হাইওয়ে ৪০১ এর তলদেশে টানেল নির্মাণের রূপান্তরমূলক এই প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে আমাদের সরকার। এই টানেল প্রদেশজুড়ে পণ্য ও লোকজনের চলাচল দ্রুত করবে।
সম্ভাব্যতা সমীক্ষার আগে থেকেই অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড টানেলের ব্যাপারে তার স্বপ্নের কথা প্রায়ই এবং সবিস্তারে বলে আসছেন। ফোর্ডের পরিকল্পনা অনুযায়ী, তিন স্তরের টানেলটি ১৯ দশমিক ৫ মিটার চওড়া হবে।
গত আগস্টে প্রিমিয়ার বলেন, নিশ্চিতভাবেই আমরা টানেলটি নির্মাণ করছি এবং এ বিষয়ে বিশে^র বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। তারা যদি ইংলিশ চ্যানেলের তলদেশ দিয়ে, তারা যদি পর্বতের মধ্য দিয়ে এবং অন্য সবখানে টানেল নির্মাণ করতে পারে তাহলে হাইওয়ে ৪০১ এর নিচ দিয়েও টানেল নির্মাণ করা যাবে। আমরা এটা নিরাপদে ও সঠিকভাবে নির্মাণ করব।
প্রিমিয়ার এটিকে জাতি গঠনের প্রকল্প হিসেবে ঘোষণার জন্য প্রধানমন্ত্রী মার্ক কার্নির প্রতি আহ্বানও জানান। তিনি বলেন, যানজট হ্রাস এবং অর্থনৈতিক উৎপাদনশীলতা শক্তিশালী করতে এটি জরুরি।
সমালোচকরা একে ভ্যানিটি প্রকল্প হিসেবে অভিহিত করেছেন। এনডিপি নেতা মারিট স্টাইলিস বৃহস্পতিবার বলেন, আমি জানি না রাতে তারা কীভাবে ঘুমায়। আমি শুধু এটুকু বলব, খুব কম লোকই আছে, যারা এটাকে বাস্তবানুগ বলে সত্যিকারভাবে বিশ^াস করে।

