
সিংহভাগ কানাডিয়ান মনে করেন, অনুপ্রবেশকারীদের হাত থেকে তাদের গৃহকে সুরক্ষিত রাখার অধিকার তাদের রয়েছে। অর্ধেকের বেশি কানাডিয়ান বলেন, নেবারহুডে তারা নিজেদেরকে নিরাপদ মনে করেন না এবং বিচার ব্যবস্থা তাদের স্বার্থের পরিপন্থী কাজ করছে। পোস্টমিডিয়া ও লেজারের নুতন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।
লেজারের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু এন্স বলেন, অর্ধেকের বেশি মানুষ যদি মনে করেন যে, বিচার ব্যবস্থা তাদের স্বার্থের পক্ষে কাজ করছে না তাহলে এটাকে ভালো মনোভাব বলে আমি মনে করি না।
সমীক্ষায় বলা হয়েছে, এটা পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যাবে যখন লোকজন বলবে, আইন আমাকে সম্মান দেখায় না। তাহলে আমি কেন আইনের প্রতি সম্মান প্রদর্শন করব?।
অনুপ্রবেশকারীর বিরুদ্ধে যৌক্তিক পর্যায়ে শক্তি প্রয়োগের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেস সমীক্ষায় অংশ নেওয়া ৮৭ শতাংশ উত্তরদাতা। ম্যানিটোবা ও সাস্কেচুয়ানের পাশাপাশি ৫৫ বছর ও তার বেশি বয়সী অন্যান্য কানাডিয়ান, যারা বিশ^াস করেন যে, জোরপূর্বক গৃহে প্রবেশের সময় নিজেদের রক্ষা করার অধিকার তাদের রয়েছে, তাদের হার ৯২ শতাংশে উন্নীত হয়েছে।
এন্স বলেন, হারটা হঠাৎ করে বেড়েছে বলে আমি মনে করি না।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত বাড়িতে হানা দেওয়া কানাডায় নতুন কিছু নয়। আপনার মনে সব সময়ই এই ভাবনা জাগে যে, এটা আমার বাড়ি, সুতরাং আমার পরিবারকে রক্ষায় আমার যা করার তাই করব। এই মনোভাব পোষণকারীর সংখ্যাটা অনেক বেশি এবং এটা নিশ্চিতভাবেই মনোযোগ কাড়ছে।
৮৭ শতাংশ হারের কথা উল্লেখ করে এন্স বলেন, কয়েক বছর আগেও এটা উচ্চ থাকলেও এতটা উচ্চ ছিল না।

