
বাজেটে প্রাক্কলনের চেয়ে উল্লেখযোগ্য কম ঘাটতি নিয়ে ২০২৪-২৫ অর্থবছর শেষ করেছে অন্টারিও। ট্রেজারি বোর্ড প্রেসিডেন্ট ক্যারোলাইন মালরোনি ও অর্থমন্ত্রী পিটার বেথলেনফালভি এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, প্রদেশটি ১১০গ কোটি ডলার ঘাটতি নিয়ে অর্থবছর সমাপ্ত করেছে। ২০২৪ সালের বাজেটে ৯৮০ কোটি ডলার ঘাটতির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্বাভাসের চেয়ে ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ভর করে শক্তিশালী রাজস্ব আহরণ পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রেখেছে। পাশাপাশি বৃহত্তর সরকারি খাত থেকে রাজস্ব বৃদ্ধিও এক্ষেত্রে সহায়ক হয়েছে।
অন্টারিও ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আহরণ করেছে ২২ হাজার ৬২০ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় এক হাজার ৭২০ কোটি ডলার বেশি। আর্থিক অবস্থার এই উন্নতি সত্ত্বেও মালরোনি প্রাদেশিক সংস্থা ও বোর্ডগুলোতে নিয়োগ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের সরকারের ঐতিহাসিক বিনিয়োগ অন্টারিওর অর্থনীতি ও কর্মীদের সুরক্ষায় সহায়তা করছে। শুল্ক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও আমরা শক্তিশালী অর্থনৈতিক অবস্থা ধরে রাখতে সক্ষম হয়েছি।
মালরোনি বলেন, নিয়োগ স্থগিত রাখার কারণ হচ্ছে প্রাদেশিক সংস্থাগুলোর আকারের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। একই কথা প্রযোজ্য অন্টারিও পাবলিক সার্ভিসের ক্ষেত্রেও। শৃঙ্খা ও করদাতাদের অর্থের প্রতি দায়বদ্ধ থাকার ব্যাপারে সরকারের চলমান যে প্রচেষ্টা নিয়োগ স্থগিত তাতে ভূমিকা রাখবে।

