
ফার্স্ট নেশন প্রধানরা বলেছেন, ফেডারেল সরকার আবাসিক স্কুল অস্বীকার করার সুযোগ করে দিচ্ছেন এটিকে অপরাধ হিসেবে স্বীকৃতিদানে ব্যর্থতার মধ্য দিয়ে। অটোয়াতে মঙ্গলবার অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন্সের সাধারণ সভায় প্রধানরা আবাসিক স্কুল অস্বীকার করাকে হেইট স্পিচ হিসেবে অপরাধ বিবেচনা করার আহ্বান জানিয়ে একটি জরুরি প্রস্তাব পাস করেছে।
পিমিসিকামাক ক্রি নেশনের চিফ ডেভিড মোনিয়াস বলেন, সত্য কখনো ঐচ্ছিক নয় এবং সত্য ছাড়া পুনর্মিলনের অস্তিত্ব থাকতে পারে না। ভুক্তভোগীদের আমাদের অবশ্যই সম্মান দিতে হবে। যারা আবাসিক স্কুলে গিয়ে আর কখনোই বাড়ি ফেরেনি সেইসব শিশুকে আমাদের অবশ্যই সম্মান জানাতে হবে।
লিবারেল সরকার নতুন একটি হেইট ক্রাইম আইন পাস করার পরপরই এই প্রস্তাবটি পাস হলো। আবাসিক স্কুলের অস্বীকৃতিকে এর আওতায় আনতে বেশ কয়েকজন সেনেটর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত সংশোধনী আনতে ব্যর্থ হন।
দেড় লাখের বেশি আদিবাসী শিশুকে জোর করে আবাসিক স্কুলগুলোতে ভর্তি করা হয়। সর্বশেষ আবাসিক স্কুলটি ১৯৯৬ সালে বন্ধ হয়ে যায়। হিসাবমতে, ৬ হাজার শিশু স্কুলে মারা যায়। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আনিশিনাবেক নেশনের গ্র্যান্ড কাউন্সিল চিফ লিন্ডা ডেবাসিজ বলেন, আবাসিক স্কুলের ইতিহাস নিয়ে বিতর্কের সুযোগ নেই। আমাদের বেঁচে যাওয়া সদস্যরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সত্য বাঁচিয়ে রেখেছেন। এটির অস্বীকৃতি যাতে বেঁচে যাওয়ার মানুষদের শিকারে পরিণত করতে না পারে সেটা নিশ্চিতে আইনে হেইট স্পিচকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

