
একটি অপরাধী সংগঠনের অন্যান্য সন্দেহভাজনের পাশাপাশি বার্নাবির এক ব্যক্তি দুই বছর প্রায় ৫ কোটি ডলার পাচার করেছেন। এই অভিযোগ পুলিশের।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) এডমন্টনের ফেডারেল পুলিশিং টিমের তদন্তের পর হ্যারি সিও নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে। এ সপ্তাহে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরসিএমপি ফেডারেল পুলিশিং স্ট্র্যাটেজিস্ট ক্রিস্টিনা জোয়েরিং বলেন, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের আগস্টের মধ্যে সিও আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়ায় অবৈধ গাজা লেনদেনের মাধ্যমে অর্থ পাচার করেছেন। অপরাধী সংগঠনের অংশ হিসেবে প্রায় ৪ কোটি ৭০ লাখ ডলার পাচারের ঘটনায় যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সিও তাদের একজন।
এই তদন্তকে ব্যাপক ও জটিল উল্লেখ করে জোয়েরিং বলেন, এই অপরাধ কার্যক্রমে সংশ্লিষ্টতার ঘটনায় এরই মধ্যে আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ও দোষী সাব্যস্ত করা হয়েছে। কর্মকর্তারা এটা নির্ধারণে সক্ষম হয়েছেন যে, অর্থপাচার নেটওয়ার্কটি আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়ার বিভিন্ন কোম্পানির সমন্বয়ে গঠিত, যারা অনিবন্ধিত মানি সার্ভিস ব্যবসা পরিচালনা করে আসছে।
তিনি বলেন, নাম উল্লেখ না করা এইসব কোম্পানি অবৈধ গাজা বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণ করেছে, স্থানান্তর করেছে। কাজটি তারা করেছে বিভিন্ন অনলাইন ডিসপেন্সারির মাধ্যমে।
তদন্তে আরও দেখা গেছে, অবৈধ এসব মানি এক্সচেঞ্জ ই-ট্রান্সফার পেমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছে। এসব ই-ট্রান্সফার পেমেন্টের সঙ্গে সংযুক্ত ইমেইল অ্যাড্রেসেরে মাধ্যমে কর্মকর্তারা আট ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। সামগ্রিকভাবে তারা অপরাধের মাধ্যমে ৪ কোটি ৭০ লাখ ডলার গ্রহণ করেছেন।

