
দ্বিতীয়বারের মতো বড় ধরনের সুদের হার কর্তন মূল্যস্ফীতির লাগাম টানতে তাদের লড়াইয়ে সাফল্য এনে দেবে বলে আশা করছে ব্যাংক অব কানাডার গভর্নিং কাউন্সিল। কিন্তু প্রত্যাশার চেয়ে কম প্রবৃদ্ধি হওয়ার মধ্যে অর্থনীতির ওপর তারা তীক্ষè নজর রাখছে।
১১ ডিসেম্বরের সুদের হার কর্তনের আলোচনার সংক্ষিপ্তসারের কিছু অংশ কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ করেছে। ওই আলোচনায় ব্যাংক অব কানাডা সুদের হার ৫০ শতাংশীয় পয়েন্ট হ্রাস করে। সদস্যরা কেবলমাত্র ২৫ শতাংশীয় পয়েন্ট কমানোর কথা বিবেচনা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সুদের হার কমে দাঁড়ায় ৩ দশমিক ২৫ শতাংশ, যা নিরপক্ষে সুদের হারের কাছাকাছি। সুদের এই হার অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুতও করবে না আবার শ্লথও করবে না।
তারা বলেছে, অভিবাসনের লক্ষ্যমাত্রা হ্রাস আগামী বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। এ ছাড়া আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি অনিশ্চয়তার নতুন বড় উৎস।
কাউন্সিল সদস্যরা আরও বলেন, তারা সুদের হার অধিকতর কর্তনের কথা ভাববেন। কিন্তু জুনের পর থেকে টানা পাঁচ দফা সুদের হার কর্তনের কথা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমিক পদ্ধতি অবলম্বন করবেন।
সুদের হার সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ এবং অর্থনৈতিক পূর্বাভাসের তারিখ ধার্য্য করা হয়েছে নতুন বছরের ২৯ জানুয়ারি।

