
কানাডিয়ান সশস্ত্র বাহিনীর সাবেক একজন সার্জেন্ট ফেডারেল সরকারের বিরুদ্ধে প্রায় ৩০ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করছেন। আফগানিস্তানে যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়ে জানানোয় তার প্রতি বিরূপ আচরণ করা হয়েছে অভিযোগ করেছেন তিনি।
কুইবেক সুপিরিয়র কোর্টে দায়েরকৃত মামলায় বলা হয়েছে, সার্জেন্ট ক্লড লাপেজ কানাডিয়ান সৈন্যদের হাতে একজন বেসামরিক নাগরিককে হত্যা ও বেসামরিক আবাসনে বোমা হামলা হতে দেখেছেন তিনি। ঘটনাগুলো ঘটে ২০০৬ সালে।
জয়েন্ট টাস্ক ফোর্স ২ নামে পরিচিকত স্পেশাল ফোর্সেস ইউনিটের সাবেক সদস্য লাপেজ বলেন, এই হত্যার বিষয়টি তিনি তার চেইন অব কমান্ডকে জানিয়েছিলেন। কিন্তু অব্যন্তরীণ তদন্তে অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয় না।
তিনি বলেন, তিনি এ ধরনের আরও নানা ঘটনা প্রত্যক্ষ করেছেন। সেসব ঘটনায় কানাডা ও অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা নিরস্ত্র আফগানদের হত্যা করেছে।
লাপেজ মামলায় দাবি করেছেন, কোনো ধরনের ব্যখ্যা ছাড়াই ২০০৮ সালে তাকে কানাডায় ফিরতে বলা হয়। বেসামরিক আফগানদের মৃত্যুর কারণ হয় এমন মিশনে তিনি আর অংশ নিতে চান না একজন কর্নেলকে এ কথা জানানোর পরদিন তাকে কানাডায় ফেরত পাঠানো হয়।
লাপেজ অভিযোগ করেন, তাকে জোর করে ইউনিট তেকে বের করে দেওয়া হয় এবং তার বেতন অর্ধেক হয়ে যায়। বেসামরিক আফগানদের বিরুদ্ধে আগ্রাসনের নিন্দা জানানোর কারণেই এসবের মধ্যে পড়তে হয় তাকে।
তার এসব দাবি আদালতে প্রমাণিত হয়নি। এ ব্যাপারে মন্তব্যের জন্য জাতীয় প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

