Latest Posts

বাইক লেন তুলতে করদাতাদের গুনতে হবে অন্তত ৪ কোটি ৮০ লাখ ডলার

- Advertisement -
সাইকেল লেন সরালে নগরবাসীর জন্য সম্ভাব্য অতিরিক্ত ব্যয়ের পরিমাণ অন্তত ৪ কোটি ৮০ লাখ ডলার হতে পারে

শহরের তিনটি প্রধান সড়ক ব্লুর স্ট্রিট, ইয়ং স্ট্রিট ও ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের অংশবিশেষ থেকে স্থাপিত সাইকেল লেন সরালে নগরবাসীর জন্য সম্ভাব্য অতিরিক্ত ব্যয়ের পরিমাণ অন্তত ৪ কোটি ৮০ লাখ ডলার হতে পারে। এটি জানিয়েছেন টরন্টো সিটি স্টাফ, যাদের সদ্য প্রকাশিত একটি প্রাথমিক মূল্যায়নে এমন চিত্র ফুটে উঠেছে।

গত মাসে প্রদেশের প্রস্তাবিত বিল ২১২ এর প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে সিটি স্টাফদের হিসাব দেখা গেছে যে, ভবিষ্যতে কোনো মিউনিসিপালিটি যদি গাড়ির লেন কমিয়ে সাইকেল লেন বসাতে চায়, তবে তা করতে হলে প্রাদেশিক অনুমতি বাধ্যতামূলক হবে। এই বিল কার্যকর হলে, নগরীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কের অংশবিশেষে বিদ্যমান সাইকেল লেনও বাতিলের পথে যেতে পারে। তবে সিটি স্টাফরা সতর্ক করেছেন, এমন পদক্ষেপের ফলে শুধুমাত্র রাস্তা পুনর্গঠন ও পিচঢালাইয়ের খরচ বৃদ্ধি নয়, চলমান নির্মাণ বাতিল, নকশা পরিবর্তন বা চুক্তি সংশোধনের জন্য ক্ষতিপূরণও করদাতাদের কাঁধে চাপিয়ে দেওয়া হতে পারে।

- Advertisement -

সিটি স্টাফদের ভাষ্য, এই প্রাথমিক হিসাব কেবল সংশ্লিষ্ট রাস্তার পুনর্গঠন ও নতুন পিচঢালাই খরচের ওপর ভিত্তি করে, প্রকল্পভিত্তিক প্রকৃত ব্যয় নির্ধারণের জন্য আরও তথ্য ও সময় প্রয়োজন। তাই এই মূল্যায়নকে অন্তর্বর্তী হিসাব হিসেবে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

মেয়র অলিভিয়া চাউ বিষয়টি নিয়ে সতর্ক জানিয়েছেন। তিনি বলেন, বিল ২১২ কার্যকর হলে “সিটি কাউন্সিলের নেওয়া নীতি–সিদ্ধান্ত ও বাস্তব কাজ কার্যকর থাকবে না, এবং এর চড়া মূল্য শেষ পর্যন্ত করদাতাদেরই দিতে হবে।” মেয়র আরও যুক্ত করেছেন, “সিটি কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ এবং আমাদের পেশাদার জনসেবা বিশেষজ্ঞদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। এই বিশেষজ্ঞ সেবা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে।”

একটি সূত্র বাংলামেইলকে জানিয়েছেন, কাউন্সিলর ডায়ানে স্যাক্স এর প্রস্তাব অনুযায়ী, সিটি ব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়েছে প্রিমিয়ার ডগ ফোর্ড এর দপ্তরে এবং অন্টারিওর সব মিউনিসিপালিটিতে চিঠি পাঠিয়ে বিল ২১২-এর বিরোধিতা জানাতে। এছাড়াও প্রদেশকে অনুরোধ করা হবে স্থানীয় সরকারের সিদ্ধান্ত–ক্ষমতার প্রতি সম্মান দেখাতে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই খরচ কেবল রাস্তা পুনর্গঠনের জন্য নয়; নতুন সড়কচিত্রের সঙ্গে সিগন্যাল নকশা, পার্কিং বিন্যাস, বরফ পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের ধরন বদলালে বার্ষিক অপারেশন খরচও বৃদ্ধি পেতে পারে। আরও গুরুত্বপূর্ণ, কয়েক বছর আগে নিরাপত্তা–ঝুঁকি কমানো ও যাতায়াতের স্থায়িত্ব নিশ্চিত করতে যে বিনিয়োগ হয়েছে, তা উল্টে দিলে দুর্ঘটনার সামাজিক ও অর্থনৈতিক খরচও নতুন করে যুক্ত হবে।

নগরবাসীর একাংশ সাইকেল লেন বজায় রাখার পক্ষে আছেন। তাদের যুক্তি, এটি যানজট কমানো ও নিরাপদ চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রাদেশিক যুক্তি হচ্ছে, গাড়ির লেন কমিয়ে সাইকেল লেন বসালে সামগ্রিক চলাচল ব্যাহত হতে পারে এবং এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রাদেশিক পর্যায়ের তদারকি থাকা উচিত।

এই দ্বন্দ্বে টরন্টোর সিটি কাউন্সিল ও কুইন্স পার্কের নীতিনির্ধারকরা এখনই মূল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। শেষ পর্যন্ত যে পথে যাওয়া হোক না কেন, সিটি স্টাফদের হিসাব বলছে যদি তড়িঘড়ি করে সাইকেল লেন সরানো হয়, নগরবাসীকে মোটা অঙ্কের বিল গুনতে হবে।

প্রশ্ন উঠছে কয়েক বছর আগের “নিরাপদ ও টেকসই নগর চলাচলের বিনিয়োগ” কি এখন “অযাচিত খরচ” হিসেবে করদাতাদের উপর চাপানো হবে? এই প্রশ্নের উত্তর নিয়ে এখনই সিটি ও প্রাদেশিক রাজনীতি–মহলে তীব্র তর্ক শুরু হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.