
নুনাভাটের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে ফেডারেল সরকারের তরফ থেকে এখানকার বাসিন্দাদের আরও সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন ইন্ডিজিনাস সার্ভিসেস মন্ত্রী মার্ক মিলার। লিবারেল এ রাজনীতিক এ সপ্তাহে প্রথমবারের মতো নুনাভাট পরিদশর্নে যান এবং ইকালুইটে দুই দিন অবস্থান করেন।
দ্য কানাডিয়ান প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নুনাভাটের জনবহুল আবাসনগুলো কোভিড-১৯ সংক্রমণের বাহক। গত ফলে আরভিয়াট, নুনাভাটে কমিউনিটির ৩ হাজার মানুষের মধ্যে ৩৩৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একজন মারা যান। নুনাভাটের জন্য এটা বিস্ময়ের কিছু নয়।
এমপি মুমিলাক কাকারে আঞ্চলিক আবাসন প্রতিবেদন অনুযায়ী, নুনাভাটের অর্ধেক বাসিন্দা গাদাগাদি করে বাস করেন। এ অবস্থা মানুষকে আরও ঝুঁকিগ্রস্ত করে তুলছে বলে জানান মিলার। তিনি বলেন, অধিকাংশ মানুষই স্বাস্থ্যের দৃষ্টিতে আবাসনকে দেখে না। তারা এটা দেখে থাকে নিছক বসবাসের স্থান হিসেবে। প্রত্যন্ত হওয়ার কারণে নুনাভাটের কমিউনিটি দেশের বাকি অংশের তুলনায় পিছিয়ে থাকবে এটা বলা সুযোগ নেই। ইনুইটরা যাতে প্রথম শ্রেণির স্বাস্থ্যসেবা পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে নুনাভাটের প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটিকে যে পদ্ধতিগত বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে মহামারি তা দেখিয়ে দিয়েছে বলে জানান মিলার। অঞ্চলটির ২৫টি কমিউনিটির জন্য হাসপাতাল রয়েছে মাত্র একটি। তবে কোনো আইসিইউ ইউনিট নেই। কোভিড-১৯ এ আক্রান্ত কারও চিকিৎসার প্রয়োজন হলে কয়েকশ কিলোমিটার পাড়ি দিয়ে তাকে নিতে হয়েছে দক্ষিণ কানাডায়।
শুক্রবার পরের দিকে মিলার ও পরিবার, শিশু ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেইন লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার লোকদের ঠিাকানা দিতে আদিবাসী পরিচালিত আবাসন নির্মাণে লিবারেলদের বাজেট কমিটির প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন।
আবাসন ও ট্রানজিশনাল আবাসনের জন্য আবেদনপত্র গ্রহণ সেপ্টেম্বরে শুরু হবে। কানাডাব্যাপী ৩৮টি জরুরি আবাসন ও ৫০টি ট্রানজিশনাল হাউজিংয়ের জন্য আলাদা তহবিল বরাদ্দ রাখা হয়েছে।
অর্থটা জরুরি হলেও তা অপ্রতুল ও বিলম্বিত বলে মন্তব্য করেছেন নুনাভাট তানগাভিক ইনকর্পোরেশনের প্রেসিডেন্ট আলুকি কোতিয়ের্ক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ অর্থে আমাদের প্রয়োজন মিটবে না। বর্তমানে আমরা আবসন সংকটে ভুগছি। তারপরও এটা আশাব্যঞ্জক এই ভেবে যে, শুরু তো হলো। নুনাভাটে আবাসনের জন্য আমাদের সংগঠন ৫০ কোটি ডলারের আবেদন করেছে। কিন্তু ২০২১ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে মাত্র আড়াই কোটি ডলার। এটা আমাদের খুবই হতাশ করেছে।

