
২০২১ সালে একটি গোয়েন্দা সংস্থার ওয়ারেন্ট অনুমোদনে বিলম্বের বিষয়ে অবগত ছিলেন না বলে জানিয়েছেন তৎকালীন জননিরাপত্তামন্ত্রী বিল ব্লেয়ার। বিদেশি হস্তক্ষেপ অনুসন্ধানে গঠিত ফেডারেল ইনকোয়ারিতে এই তথ্য জানান তিনি।
কমিশন জানতে পারে যে, কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের ওয়ারেন্ট অ্যাপ্লিকেশনে ব্লেয়ারের অনুমোদন পেতে ৫৪ দিনি সময় লাগে। যদিও এ ধরনের অনুমোদনে সময় লাগে গড়ে ১০ দিন।
ওই সময়ে সিএসআইএসের পরিচালন বিষয়ক উপপরিচালক মিশেল টেজিয়ের ইনকোয়ারি কমিশনকে বলেন, এই বিলম্ব নিয়ে হতাশা ছিল। যদিও মন্ত্রীর কার্যালয় থেকে হস্তক্ষেপ বা ফেরত দেওয়ার ব্যাপারে কোনো ধরনের উদ্বেগ ছিল না।
ব্লেয়ার তার স্বাক্ষ্যে বলেন, তার ক্যালেন্ডারে না আসা পর্যন্ত ওয়ারেন্টের অস্তিত্বের বিষয়টি তার গোচরে আসেনি। গোপন বিষয়ে সিএসআইএস তাকে ব্রিফ করে। সিএসআইসের পরিচালক ও উপপরিচালক জননিরাপত্তামন্ত্রীর অনুমোদন চাওয়ার ৫৪ দিন পর তাকে অবহিত করার আগ পর্যন্ত ওয়ারেন্টের বিষয়বস্তু সম্পর্কে কিছু জানতেন না তিনি। ওইদিনই ওয়ারেন্টে স্বাক্ষর করেন তিনি।
গ্লোব অ্যান্ড মেইলের আগের এক প্রতিবেদন এবং ইনকোয়ারির একজন আইনজীবীর ইঙ্গিত অনুযায়ী, ওয়ারেন্টের লক্ষ্য ছিলেন প্রভাবশালী লিবারেল নেতা ও অন্টারিওর সাবেক মন্ত্রী মাইকেল চ্যান। কিন্তু জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে ফেডারেল কর্মকর্তারা তা প্রকাশ করতে চাননি।
ব্লেয়ার বলেন, সিএসআইএস ওয়ারেন্টে অনুমোদন চাওয়ার বেশ কয়েক মাস আগে বিষয়টি নিয়ে তাকে জানানো হয়। কিন্তু তদন্ত কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে ওই সময় তার কোনো ধারণা ছিল না।
ব্লেয়ারের সাবেক চিফ অব স্টাফ জিটা অ্যাস্ট্রাভাস লিবারেল সরকার ও পার্টির সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য ওয়ারেন্ট বিলম্ব করার কোনো চেষ্টা তিনি করেছিলেন কিনা এ সপ্তাহে সেই প্রশ্নের মুখে পড়েন তিনি।

