
কুইবেক ও ম্যানিটোবার দুটি রাইডিংয়ের শূন্যপদ পূরণে সেপ্টেম্বরে ফেডারেল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২৮ জুলাই এই ঘোষণা দিয়েছেন। রাইডিং দুটি হলো ম্যানিটোবার এলমউড-ট্রান্সকোনিয়া এবং মন্ট্রিয়ল এরিয়ার লাসালে-এমার্ড-ভার্ডুন। ১৬ সেপ্টেম্বর উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ম্যানিটোবার রাইডিংটি ছিল নিউ ডেমোক্র্যাটিক পার্টির দখলে। এখানকার এমপি ড্যানিয়েল ব্লেইকি গত মার্চে পদত্যাগ করেন। ২০১৫ সাল থেকে রাইডিংটি ধরে রেখেছিলেন ব্লেইকি।
কুইবেক রাইডিংয়ের এমপি ছিলেন সাবেক লিবারেল বিচারমন্ত্রী ডেভিড লামেট্টি। গত গ্রীষ্মে ট্রুডোর মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর জানুয়ারিতে এমপির পদ থেকে ইস্তফা দেন তিনি।
জুনে টরন্টো সেইন্ট পল রাইডিংয়ে বিপর্যয়ের পর উপনির্বাচন দুটি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য প্রথম পরীক্ষা। টরন্টোর ওই রাইডিং লিবারেলরা দশকের পর দশক নিজেদের নিয়ন্ত্রণে রাখার পর জুনের উপনির্বাচনে রক্ষণশীলদের কাছে হারায়।
এলমউড-ট্রান্সকোনা রাইডিং থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ম্যানিটোবা টিচার্স’ সোসাইটির প্রেসিডেন্ট ও সাবেক শিক্ষক এয়ান ম্যাকিনটায়ার। রাইডিংটিতে কনজার্ভেটিভরা তাদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন ইলেক্ট্রিশিয়ান কলিন রেনল্ডসকে। এনডিপির পক্ষে নির্বাচন করবেন ট্রান্সকোনা বিজের নির্বাহী পরিচালক লেইলা ডান্স।
লাসালে-এমার্ড-ভার্ডুনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মন্ট্রিয়ল সিটি কাউন্সিলর লরা প্যালেস্টিনি। আরেকটি সিটি কাউন্সিলর ক্রেইগ সুভ প্রতিদ্বন্দ্বিতা করবেন এনডিপির প্রার্থী হিসেবে। ব্যবসায়ী লুইস লালেন্টি লড়বেন কনজার্ভেটিভ প্রার্থী হিসেবে। লুইস-ফিলিপে সুভ ব্লক কুইবেকোয়িসের প্রার্থী। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী এবং বর্তমানে একটি থিঙ্ক ট্যাঙ্কের হয়ে যোগাযোগের কাজটি করে থাকেন। থিঙ্ক ট্যাঙ্কটি কুইবেকের অর্থনীতি সংক্রান্ত বিষয়গুলো দেখে থাকে।

