
গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক – এর ২০২৪ সালের বার্ষিক বনভোজন গত ৩ আগস্ট শনিবার টরন্টোর ই.টি. সেটোন পার্কে অনাড়ম্বভাবে অনুষ্ঠিত হয়ে গেলো । বনভোজন অনুষ্ঠানের অব্যবহিত পূর্বে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দোদুল্যমান পরিস্থিতিতে স্বল্প পরিসরে এবারের বনভোজনের আয়োজন করা হয় ।
আনুষ্ঠানিকভাবে বনভোজন শুরু করার পূর্বে আয়োজকরা সমাগত সকল অতিথিবৃন্দকে নিয়ে বাংলাদেশে সাম্প্রতিক বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকে ঘিরে নিহত সকল কোমলমতি ছাত্র-জনতা-শিশুদের স্মরণে প্রথমে এক মিনিট নীরবতা পালন করা হয় । এর পরপরই বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয় । এরপর যোহরের নামাযে শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয় ।
দুই শতাধিক আগত অতিথিদের সমাগমে এবার বনভোজের বিশেষ আকর্ষণ ছিল ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, চিকেন কাবাব, সালাদ ও বোরহানি । এছাড়া দিনব্যাপী চা, সমুচা, রোলস, মিষ্টি, কোমল পানীয় ও মৌসুমী ফলের পরিবেশনা রোদ্রৌজ্জ্বল সবুজ শ্যামল ছায়ানিবিড় পিকনিক স্থলকে বাঙালীর চিরচেনা সংস্কৃতির চারণভূমিতে পরিণত করে ।
শিশুদের কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত অতিথিদেরকে মুগ্ধ করে । গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক – এর ২০২৪ সালের বার্ষিক বনভোজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।

